'দি ডিরেক্টর' মুক্তির আন্দোলন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দি ডিরেক্টর’ ছবির নির্মাতা ও অভিনেতা কামরুজ্জামান কামু
‘দি ডিরেক্টর’ ছবির নির্মাতা ও অভিনেতা কামরুজ্জামান কামু

প্রায় এক বছর ধরে সেন্সর বোর্ডে আটকে আছে কামরুজ্জামান কামু পরিচালিত চলচ্চিত্র ‘দি ডিরেক্টর’। আপিল করেও সেন্সর ছাড়পত্র পাননি নির্মাতা কামু। এর পরিপ্রেক্ষিতে ‘দি ডিরেক্টর’ মুক্তির আন্দোলন শুরু করেছেন মুক্ত মনের শিল্পচর্চায় আগ্রহী কিছু মানুষ।
আন্দোলনের অংশ হিসেবে শিগগির বিএফডিসি ও সেন্সর বোর্ড ঘেরাও কর্মসূচি দেওয়ার কথা ছিল। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে আপাতত ঘেরাও কর্মসূচি স্থগিত করা হয়েছে। ঘেরাও কর্মসূচি স্থগিত করা হলেও আন্দোলন থেমে নেই বলেই জানিয়েছেন কামু। ‘দি ডিরেক্টর’ ছবির মুক্তির পাশাপাশি সেন্সর-প্রথা বাতিলেরও দাবি তুলছেন আন্দোলনকারীরা।
এ প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে কামরুজ্জামান কামু বলেন, সিনেমা বিডি নিউজপোর্টালের উদ্যোগে প্রথম এই আন্দোলনের সূত্রপাত হয়। সাংবাদিক, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে যোগ দিয়েছেন। চলচ্চিত্রপ্রেমী সাধারণ দর্শকও এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন।
কামু আরও বলেন, আন্দোলনের অংশ হিসেবে শিগগির বিএফডিসি ও সেন্সর বোর্ড ঘেরাও কর্মসূচির তারিখ ঘোষণা করার কথা ছিল। কিন্তু বর্তমান রাজনৈতিক অস্থিরতার বিষয়টিকে বিবেচনায় নিয়ে আপাতত রাজপথে না নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দেশের পরিস্থিতি একটু শান্ত হলেই ঘেরাও কর্মসূচি পালন করা হবে। আপাতত ঘেরাও কর্মসূচি স্থগিত করা হলেও আন্দোলন থেমে নেই। নানা উপায়ে ‘দি ডিরেক্টর’ ছবিটি মুক্তির অনুমতি প্রদানের জন্য দাবি জানানো হচ্ছে।

কামরুজ্জামান কামু দাবি করেছেন, কিছু অযৌক্তিক কারণ দেখিয়ে ‘দি ডিরেক্টর’ ছবিটি আটকে রেখেছে সেন্সর বোর্ড। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এক লিখিত চিঠির মাধ্যমে তাঁকে জানানো হয়, ছবিটি প্রদর্শনের উপযোগী নয়।

সেন্সর বোর্ডের চিঠিতে বলা হয়, ‘দি ডিরেক্টর’ ছবির মূল কাহিনি অপর্যাপ্ত, এতে অশ্লীল সংলাপের ব্যবহার রয়েছে, সাংস্কৃতিক পেশার একটি গোষ্ঠীকে হেয়ভাবে উপস্থাপন করা হয়েছে। চলচ্চিত্রশিল্পের প্রতি সাধারণ মানুষের ঘৃণা জন্মায়—এমনভাবে কাহিনি সাজানো হয়েছে। ছবিটির বিভিন্ন দৃশ্যে আগ্নেয়াস্ত্রের যথেচ্ছ ব্যবহার আছে। নির্বিকারে মানুষ হত্যা, আইনহীনতা ও লাম্পট্যকে স্বাভাবিক ঘটনা হিসেবে উপস্থাপন করা হয়েছে।

গ্রাম থেকে আসা এক যুবকের চলচ্চিত্র পরিচালক হওয়ার স্বপ্ন পূরণের পথে নানা ঘাত-প্রতিঘাতের গল্প নিয়ে গড়ে উঠেছে ‘দি ডিরেক্টর’ ছবির কাহিনি। কামরুজ্জামান কামু পরিচালিত ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চলচ্চিত্র অভিনেত্রী পপি, মারজুক রাসেল, নাফা, কচি খন্দকার, তারেক মাহমুদ, মোশাররফ করিম, সুইটি, নাফিজা, বাপ্পি আশরাফ, কামরুজ্জামান কামু প্রমুখ।