'দ্য থারটি থ্রি' করছেন না জেনিফার লোপেজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুব ইচ্ছা ছিল ছবিটা করবেন। কিন্তু শিডিউলের ধাঁধাটা মেলাতে পারলেন না জেনিফার লোপেজ। চিলিতে দীর্ঘদিন খনিতে আটকে পড়ার পর মুক্ত হওয়া শ্রমিকদের নিয়ে নির্মিতব্য ছবি দ্য থারটি থ্রি থেকে শেষ পর্যন্ত নিজের নাম কেটে দিলেন হলিউডের এই অভিনেত্রী ও সংগীত তারকা। ‘আমেরিকান আইডল’ অনুষ্ঠানের ব্যস্ততার কারণেই চিলিতে গিয়ে তাঁর পক্ষে শুটিং করা সম্ভব হবে না।
মেক্সিকোর পরিচালক প্যাট্রিসিয়া রিগেনের পরিচালনায় ওই ছবিতে অভিনয় করবেন অ্যান্টনিও ব্যান্ডেরাস, মার্টিন শিন প্রমুখ। ব্যান্ডেরাস অভিনয় করবেন মারিও সেপুলভেরার ভূমিকায়, যে খনিশ্রমিক মানসিকভাবে উজ্জীবিত করে রেখেছিলেন আটকে পড়া সহকর্মীদের। মৃত্যুফাঁদেও যিনি জীবনের আশার কথা শুনিয়ে গেছেন। সান হোসে খনিতে মাটির ৭০০ মিটার গভীরে ৭০ দিনের মতো আটকা ছিলেন শ্রমিকেরা। এ নিয়েই বানানো হচ্ছে ছবিটি। আইএএনএস।