‘দ্য থার্ড ল’ নিয়ে আসছেন রওনক হাসান
ভালোবাসা দিবস উপলক্ষে ‘দ্য থার্ড ল’ নাটকের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা রওনক হাসান। তাঁর বিপরীতে এ নাটকে অভিনয় করছেন লাক্স তারকা ফাতেমাতুজ জোহরা ঈতিশা। আফজাল হোসেন মুন্নার চিত্রনাট্য ও পরিচালনায় এই খণ্ডনাটকের অন্যান্য চরিত্রে রয়েছেন আহমেদ রুবেল, লিপিকা আহমেদসহ অনেকে। রুদ্রার্ঘ্য প্রোডাকশনের প্রযোজনায় ‘দ্য থার্ড ল’ নাটকের শুটিং শুরু হয়েছে ২ ফেব্রুয়ারি শনিবার। শুটিং চলছে বাংলামোটর, শাহবাগ, রামপুরা, বনশ্রী, খিলগাঁওসহ ঢাকার বিভিন্ন এলাকায়। পুরোপুরি থ্রিলার ঘরানার গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘দ্য থার্ড আই’।আজ রোববার বিকেলে নাটকটির শুটিংয়ের ফাঁকে প্রথম আলো ডটকমকে রওনক হাসান বলেন, ‘নাটকে আমার চরিত্রের নাম সাদি। একটি করপোরেট অফিসে গুরুত্বপূর্ণ পদে চাকরি করে। স্ত্রী কান্তাকে নিয়ে তার সুখের সংসার। হঠাত্ একদিন কান্তাকে কিডন্যাপ করে রাকিব নামের একজন সাইকো কিডন্যাপার। সে মুক্তিপণ নয়, অন্য কিছু চায়। তার দেওয়া সব শর্ত সাদি পূরণ করতে থাকে প্রিয়তমা স্ত্রীকে ফিরে পাওয়ার আশায়।’ রওনক হাসান আরও বলেন, ‘একে একে ক্যারিয়ার, সম্মান, টাকাপয়সা—সবকিছু জলাঞ্জলি দেয় সাদি। একটা সময়ে বোঝা যায়, টাকাপয়সা পাওয়া নয়, সাদিকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়াই অপহরণকারীর উদ্দেশ্য। তার মুখোমুখি হয় সাদি। এরপর ঘটনা মোড় নেয় অন্য দিকে।’ নাটকের কান্তা চরিত্রে অভিনয় করছেন ঈতিশা। গত বছর লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার সেরা পাঁচে ছিলেন তিনি। সহ-অভিনেত্রী ঈতিশা সম্পর্কে রওনক হাসান বলেন, ‘ঈতিশার সঙ্গে এটাই আমার প্রথম কাজ। নতুন হিসেবে অনেক ভালো অভিনয় করছেন তিনি।’