‘দ্য পিয়ানো টিচার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হলিউডের ছবিতে সমস্যা থাকে। সমস্যার সমাধানও মেলে ছবিতেই। ব্যাপারটা এত সরল নয়। বাস্তবে এমন হয় না। আমি আমার ছবিগুলোতে শুধু সমস্যা দেখাতে চাই। আমি চাই—সমস্যার সমাধান নিয়ে দর্শকেরা ভাবুক এবং একটি সমাধানের উপায় বের করুক। এতে সাধারণের অংশগ্রহণ বাড়ে। আমি সব সময় ছবিতে সাধারণের অংশগ্রহণ বাড়াতে চাই। আমি চাই না, আমার ছবি দেখে দর্শক নির্ভাবনায় হূষ্টচিত্তে বাড়ি ফিরুক, যেমনটি ফিরে হলিউডের ছবি দেখে। আমি চাই, ছবি দেখে বাড়ি ফিরে গিয়েও দর্শকেরা আমার ছবি নিয়ে ভাবুক।’ কথাগুলো পিয়ানো টিচারখ্যাত জার্মান চলচ্চিত্রকার মাইকেল হানিকের। তিনি মনে করেন, শিল্পে সমাধানের চেয়ে প্রশ্নই বেশি থাকা উচিত। শিল্পের দায়িত্ব প্রশ্নের উদ্রেক করা, উত্তর দেওয়া নয়। ১৯৪২ সালের ২৩ মে মিউনিখে জন্ম নেওয়া এই চলচ্চিত্রকারের স্বপ্ন ছিল গায়ক ও অভিনেতা হওয়ার। তাতে ব্যর্থ হয়ে টেলিভিশনে পরিচালনা শুরু করেন ১৯৭৪ সালে। এ সময় তিনি মিউনিখ, বার্লিন ও ভিয়েনার কয়েকটি থিয়েটারেও কিছু কাজ করেন। প্রথম কাহিনীচিত্র দ্য সেভেন্থ কন্টিনেন্ট (১৯৮৯)। তাঁকে প্রথম পরিচিতি এনে দেয় ১৯৯২ সালে নির্মিত বেনি’স ভিডিও। তবে এ পর্যন্ত তাঁর শ্রেষ্ঠ সাফল্য দ্য পিয়ানো টিচার। ২০০১ সালে নির্মিত ছবিটি কান আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে শ্রেষ্ঠ অভিনেতা, অভিনেত্রী এবং জুরি বোর্ডের বিশেষ পুরস্কার লাভসহ মোট ১২টি পুরস্কার জয় করে এবং ১৫টির জন্য মনোনীত হয়। ছবিটিতে হানিকে একজন পিয়ানো শিক্ষকের অবদমিত শারীরিক চাহিদার পরিপ্রেক্ষিতে ঘটে যাওয়া কিছু ঘটনা তুলে ধরেন। ব্যতিক্রমী এ বিষয়বস্তুর কারণেও ছবিটি বিশ্ব চলচ্চিত্র জগতে বেশ আলোচিত হয়। তাঁর সর্বশেষ নির্মিত ছবি দ্য হোয়াইট রিবন। ২০০৯-এর ২১ মে কান চলচ্চিত্র উত্সবে মুক্তি পায় এবং গোল্ডেন পামসহ তিনটি পুরস্কার জিতে নেয়। এ ছাড়া ছবিটি ইতিমধ্যে গোল্ডেন গ্লোবসহ মোট ১২টি পুরস্কার জেতে এবং আরও ১১টির জন্য মনোনীত হয়। দ্য হোয়াইট রিবন ১৯১৩ সালের গল্প নিয়ে নির্মিত। উত্তর জার্মানির একটি গ্রামে শিশুদের বেড়ে ওঠা নিয়ে এই গল্প। সাদা-কালোয় নির্মিত এই ছবিটিতে কোনো আবহ সংগীত যুক্ত করা হয়নি। নির্মাতা এতে দেখিয়েছেন পরিবার, সমাজ ও শাসকবেষ্টিত পরিবেশে শিশুরা কীভাবে বিকৃত রুচির ও নৃশংস হয়ে ওঠে। অনেক সমালোচক বলেছেন, এ ছবিতে হানিকে নাজি সমাজের উদ্ভব দেখিয়েছেন। জবাবে হানিকে বলেন, ‘আমি সারা পৃথিবীর সহিংসতার উদ্ভব দেখিয়েছি।’ হানিকের অন্য ছবিগুলোর মধ্যে ফানি গেমস (২০০৭), কেসি (২০০৫) ও কোড আননোন (২০০০) উল্লেখযোগ্য।  আশরাফুল হক