'দ্য পোস্টার' ছবির জন্য ভারতে আসিফ পুরস্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসিফের হাতে প্রথম পুরস্কার তুলে দিচ্ছেন পরিচালক সুধীর মিশ্র ও অভিষেক বচ্চন
আসিফের হাতে প্রথম পুরস্কার তুলে দিচ্ছেন পরিচালক সুধীর মিশ্র ও অভিষেক বচ্চন

বলিউডের অভিনেতা অভিষেক বচ্চনের হাত থেকে সেরা ছবির পুরস্কার নিয়েছেন বাংলাদেশের নির্মাতা আসিফ খান। তিনি দ্য পোস্টার ছবির জন্য এই পুরস্কার পেয়েছেন। পুরস্কার হিসেবে পেয়েছেন এক লাখ রুপি। জহির রায়হানের গল্প অবলম্বনে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য ছবিটি। ভারতের মুম্বাইয়ে ইয়াপ টিভি আয়োজন করে ‘স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা–২০১৫’।
২৩ ডিসেম্বর সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুর জে ডব্লিউ মেরিয়টে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আসিফ খানের হাতে পুরস্কার তুলে দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান অভিষেক বচ্চন।
গত শনিবার দেশে ফিরেছেন আসিফ খান। এখন তিনি আছেন নাটোরে নিজ বাসায়। গতকাল রোববার সকালে তিনি মুঠোফোনে বলেন, ‘আমি বাংলাদেশের ছেলে জানতে পেরে অভিষেক বচ্চন একটু অবাক হয়েছেন। আমার পড়াশোনা এবং অন্য কাজের ব্যাপারে তিনি জিজ্ঞেস করেছেন।’
এই প্রতিযোগিতায় ৪০৭টি ছবি অংশ নিয়েছে। এর মধ্য থেকে ২০টি ছবি চূড়ান্ত করা হয় মূল প্রতিযোগিতার জন্য। এখানে বিচারক ছিলেন বলিউডের পরিচালক সুধীর মিশ্র, অনুরাগ কাশ্যপ ও কেতন মেহতা। আসিফ খান জানান, তাঁর পরিচালিত দ্য পোস্টার ছবি এ পর্যন্ত ১০টি পুরস্কার এবং ২৫টি উৎসবে অফিশিয়াল সিলেকশনে স্থান পেয়েছে।