'দ্য সিক্রেট সার্ভিস' ছবিতে স্বচরিত্রে লেডি গাগা

‘দ্য সিক্রেট সার্ভিস’ ছবিতে নিজের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মার্কিন পপ গায়িকা লেডি গাগাকে। এরই মধ্যে ছবিটির ছোট একটি চরিত্রে অভিনয়ের জন্য সম্মতি দিয়েছেন ২৭ বছর বয়সী এ তারকা সংগীতশিল্পী।
লেডি গাগাকে ওই ছবিতে অভিনয়ের জন্য রাজি করাতে এর পরিচালক ব্রিটিশ নির্মাতা ম্যাথিউ ভনকে খুব বেশি বেগ পোহাতে হয়নি। যুক্তরাজ্যের নাগরিক না হলেও দেশটির প্রতি গাগার রয়েছে বিশেষ দুর্বলতা। এ জন্য ব্রিটিশ পরিচালকের কাছ থেকে ছবিটিতে অভিনয়ের প্রস্তাব পাওয়ার পরপরই তিনি রাজি হয়ে যান। ঘনিষ্ঠ সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের ‘দ্য সান’ পত্রিকা।
ডেভ গিবনস ও মার্ক মিলারের ‘দ্য সিক্রেট সার্ভিস’ কমিক বই অবলম্বনে স্পাই থ্রিলারধর্মী ছবিটিতে বিভিন্ন অঙ্গনের একাধিক তারকাকে অন্তর্ভুক্ত করেছেন নির্মাতা ম্যাথিউ ভন। তাঁদের মধ্যে আছেন ব্রিটিশ ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম, সংগীতশিল্পী অ্যাডেলে, এলটন জন, মার্কিন পপ গায়িকা টেইলর সুইফট প্রমুখ।
‘দ্য সিক্রেট সার্ভিস’ ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন ‘কিং’স স্পিচ’খ্যাত অস্কারজয়ী ব্রিটিশ অভিনেতা কলিন ফার্থ ও বর্ষীয়ান ব্রিটিশ অভিনেতা-লেখক মাইকেল কেইন। ছবিতে খলচরিত্রে দেখা যাবে মার্কিন টিভি ও চলচ্চিত্র অভিনেতা স্যামুয়েল এল জ্যাকসনকে। ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ১৪ নভেম্বর।