'দ্যাখ, এই বয়সেও আপা কী গাইলেন!'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পী সাবিনা ইয়াসমীনকে গতকাল ফিরোজা বেগম স্বর্ণপদক প্রদান করা হয় l প্রথম আলো
শিল্পী সাবিনা ইয়াসমীনকে গতকাল ফিরোজা বেগম স্বর্ণপদক প্রদান করা হয় l প্রথম আলো

দিনটির কথা আজও মনে আছে শিল্পী সাবিনা ইয়াসমীনের। কয়েক বছর আগের কথা। নজরুলসংগীতের কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগমের সঙ্গে সেদিনই তাঁর শেষ দেখা। উপলক্ষ কমল দাশগুপ্তের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন।
ফিরোজা সেদিন অপূর্ব গান করেছিলেন। শিল্পী শাফিন আহমেদকে (ফিরোজা বেগমের ছেলে) সাবিনা বললেন, ‘দ্যাখ, এই বয়সেও আপা কী গাইলেন! আমরা কি পারব?’
গতকাল ফিরোজা বেগমের ৯০তম জন্মবার্ষিকীতে তাঁকে ঘিরে শেষ স্মৃতিটি এভাবেই স্মরণ করছিলেন সাবিনা ইয়াসমীন। তিনি পেয়েছেন ফিরোজা বেগম স্বর্ণপদক। এসিআই ফাউন্ডেশনের অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয় গঠিত ফিরোজা বেগম মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড থেকে এবার থেকে প্রতিবছর একজন বরেণ্য শিল্পী পাবেন এই স্বর্ণপদক।
একই সঙ্গে ২০১৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে প্রথম হওয়া পার্থ প্রতিম মিত্র পুরস্কার পেয়েছেন। বিশেষ পুরস্কার পেয়েছেন তৃতীয় বর্ষের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী মো. নজরুল ইসলাম মাসুদ খান। গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের মিলনায়তনে এসব পুরস্কার দেওয়া হয়।

সংগীত ও নৃত্যকলা বিভাগের শিক্ষার্থীদের উদ্বোধনী পরিবেশনার পর অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান ফিরোজা বেগমের ভাই ও এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান এম আনিস-উদ-দৌলা। তিনি বলেন, বাঙালি গান ভালোবাসলেও শিল্পীদের প্রতি আছে উদাসীনতা। ৭৪ বছরের সংগীতজীবনে ফিরোজা বেগমকেও এর শিকার হতে হয়েছে। শিল্পীদের স্বীকৃতির জন্যই এ পদক প্রবর্তিত হয়েছে।

অনুষ্ঠানে শিল্পী হামিন আহমেদ ও শাফিন আহমেদ মা ফিরোজা বেগমের স্মৃতিচারণা করেন। আরও বক্তব্য দেন নৃত্যকলা বিভাগের চেয়ারপারসন সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, সংগীত বিভাগের চেয়ারপারসন সংগীতশিল্পী লীনা তাপসী, কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন বেগম আকতার কামাল। অনুষ্ঠানে সভাপতি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) নাসরীন আহমাদ।

প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, এ দেশের সংগীতপ্রেমী প্রত্যেক মানুষের হৃদয়ে ফিরোজা বেগম আছেন।

পদক প্রদানের আনুষ্ঠানিকতা শেষে ছিল সংগীতানুষ্ঠান। পুরস্কারপ্রাপ্ত মো. নজরুল ইসলাম মাসুদ খান গাইলেন ফিরোজা বেগমের গান ‘আরও কতদিন বাকি’। পার্থ প্রতিম মিত্রও একটি ঠুমরি গেয়ে শ্রোতাদের প্রশংসা পান।

সাবিনা ইয়াসমীনের গানের কোনো প্রস্তুতি ছিল না। আগের দিনই বিদেশ থেকে ফিরেছেন বলে জেটল্যাগ এখনো কাটেনি। তবু সবার অনুরোধে মঞ্চে এসে গান ধরলেন, ‘সব কটা জানালা খুলে দাও না’। লীনা তাপসীর অনুরোধে গাইলেন নজরুলের দুটো লাইন, ‘আমার যাবার সময় হলো’। কিন্তু শ্রোতারা নাছোড়বান্দা! ‘সেই রেললাইনের ধারে’ গানটি গেয়ে শিল্পী অবশেষে ছাড়া পেলেন।