বেলা তিনটা ছুঁই ছু্বঁই। এফডিসির প্রধান ফটকের সামনে নিত্যদিনের কৌতূহলী মানুষের জটলা নেই। কিন্তু ফটকের বাইরের রাস্তা থেকে একটু দূরে একদল মানুষের জটলা চোখে পড়ল। একজন জানালেন, ‘দারোয়ান মামা আজ খেইপ্পা আছেন। গেটে মেলা মানুষের ভিড় হইছিল। উনি সবাইরে লাঠি হাতে ধাওয়া দিছে। সবাই দৌড়ে পালাইছে। ওই যে দ্যাখেন, হগলে দূরে গিয়া খাড়াইয়া আছে।’এবার ভেতরে ঢুকলাম। ৪ নম্বর ফ্লোরের সামনে লোকজনের আনাগোনা একটু বেশি। স্টুডিওর ভেতরে বিরাট সেট ফেলা হয়েছে। তবে কিসের সেট তা বোঝা যাচ্ছে না। সেট নির্মাণে ব্যস্ত একজনকে জিজ্ঞাসা করলাম। বললেন, ‘শাকিব খান শুটিং করব। বিজ্ঞাপনের শুটিং হইব।’ তাঁর কথার রেশ ধরে আরেকজন বললেন, ‘প্রাণ পাওয়ারের বিজ্ঞাপনের মডেল হয়েছেন শাকিব খান। বড় বাজেটের বিজ্ঞাপন। টানা পাঁচ দিন ধরে শুটিং হবে এখানে।’দৃশ্য ২মান্না ডিজিটাল কমপ্লেক্সের গায়ে লেখা ‘রঙ্গ মহল সিনেমা হল’। ব্যাপার কী, এফডিসির মধ্যে সিনেমা হল?—মনে মনে প্রশ্ন। কমপ্লেক্সের দেয়ালও বিভিন্ন সিনেমার পোস্টারে ঢাকা। দূর থেকে এসব চোখে পড়তেই এগোই ওদিকে। কমপ্লেক্সের কাছাকাছি আসতেই উত্তর মিলল প্রশ্নের—ছবির শুটিং চলছে। কমপ্লেক্সটিকে সাজানো হয়েছে সিনেমা হল হিসেবে। ইউনিটের একজন জানালেন, তোমাকে ভালোবাসতেই হবে ছবির শুটিং হচ্ছে। ছবির পরিচালক রাজু চৌধুরীর চোখ মনিটরে। এর মধ্যে দেখা গেল, সিনেমা হলের ভেতর থেকে জায়েদ খানকে জামার কলার ধরে বের করে আনছেন সাহারা। আর হলের দারোয়ান বলছেন, ‘আপা, আমার হাতে ছাইড়া দ্যান, আমি সাইজ কইরা দিতাছি।’ সাহারা বলছেন, ‘না, লাগবে না। আমার থাপ্পড়ের কথা ওর ৩৬৫ দিনই মনে থাকবে।’ ‘কাট, কাট...হয়নি। আরও একবার যাও।’ বললেন রাজু চৌধুরী। এবার জায়েদ খান সাহারাকে বললেন, ‘ভাই, কলারটা একটু আস্তে ধরো, তা না হলে জামাটা কিন্তু ছিঁড়ে যাবে।’ এ সময় দৃশ্যটি নিয়ে কথা হলো পরিচালকের সঙ্গে। বললেন, ‘বড়লোকের মেয়ে সাহারা। বান্ধবীদের নিয়ে সিনেমা দেখতে আসে। ওই শোতে সাহারার বাবা তাঁর মেয়ের জন্য মিলনায়তনের সব টিকিট কিনে নিয়েছেন, তাই সাধারণ দর্শকের জন্য প্রবেশ নিষেধ। কিন্তু জায়েদ খান দলবল নিয়ে জোর করে ঢুকে পড়ে সিনেমা হলে। সাহারা তাঁকে জোর করে বের করে দেয়।’ বলতে বলতে দৃশ্যটি দ্বিতীয়বারের মতো ধারণের জন্য হাঁক ছাড়লেন তিনি। দৃশ্য ৩মান্না ডিজিটাল কমপ্লেক্স পেরিয়ে এফডিসির বাগানের কাছাকাছি গানের শব্দ কানে এল। কাছে গিয়ে দেখি, বাগানোর মধ্যে ‘বন্ধু সহে না, সহে না আর দেরি...’ ক্যাসেট প্লেয়ারের গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে নাচছেন তমা মির্জা। সঙ্গে নায়ক আমান। গানের দৃশ্যের জন্য বিভিন্ন ফুলে রঙিন করে সাজানো হয়েছে বাগানটি। এখানে চলছে আনোয়ার ফরাজী পরিচালিত ভাবির আদর ছবির গানের শুটিং। হঠাৎ কাউকে ফোন দিলেন পরিচালক। ‘হ্যালো, ফেরদৌস ভাই? ও আচ্ছা, আমি ফেরদৌস ভাইকে চাচ্ছি...একটু দেবেন...।’ বোঝা গেল ফেরদৌসের বদলে ওপাশ থেকে অন্য কেউ ধরেছেন ফোনটি। এর মধ্যে ইউনিটের ফেরদৌস নামে আরেকজন বললেন, ‘ভাই ১০ দিন ধরে এই নম্বরে আমাকেই ফোন দিচ্ছেন। এটা তো নায়ক ফেরদৌসের নম্বর না।’ চোখ কপালে তুললেন পরিচালক, ‘কী বলো তুমি? হায় হায়...।’ ততক্ষণে ইউনিটের সবার মধ্যে হাসির রোল।