'ধারাবাহিক নাটকে অভিনয় নয়'
ক থো প ক থ ন: নিপুণ। অভিনয় করছেন চলচ্চিত্র আর টিভি নাটকে। আজ রাতে বাংলাভিশনে প্রচারিত হবে ধারাবাহিক নাটক রেড সিগন্যাল। এতে অভিনয় করেছেন তিনি

ধারাবাহিক নাটকে অভিনয়...
এক ঘণ্টার নাটকে অভিনয় করলেও ধারাবাহিকে অভিনয় করব, এমনটা কখনো ভাবিনি। চলচ্চিত্র দিয়ে আমার অভিনয় শুরু। এখন রেড সিগন্যাল ধারাবাহিকে টানা দুই বছর কাজ করেছি। নাটকটি শিগগিরই শেষ হচ্ছে।
‘রেড সিগন্যাল’ ধারাবাহিকে প্রথম দিনের শুটিং...
লন্ডন থেকে ফিরে সরাসরি শুটিংয়ে এসেছি। দেখি, নাটকের কোনো স্ক্রিপ্ট নেই, আছে ‘স্টোরি লাইন’। এই ‘স্টোরি লাইন’ মেনে ইম্প্রোভাইজের মাধ্যমে প্রতিটি দৃশ্য ধারণ করা হচ্ছে। কী করব, বুঝতে পারছিলাম না। এর আগে এভাবে কখনো শুটিং করিনি। কারণ, চলচ্চিত্রে স্ক্রিপ্ট তো কঠিনভাবে অনুসরণ করা হয়। পরে অবশ্য আর অসুবিধা হয়নি।
মশকনিধন...
যখন শুটিং করতাম, তখন মশার কামড় খুব সহ্য করতে হতো। তাই আমার শুটিংয়ের আগে মশকনিধন ওষুধ নিয়ে সহকারীদের দৌড়ঝাঁপ ছিল দেখার মতো।
ধারাবাহিককে আপাতত ‘না’...
রেড সিগন্যাল নাটকের পর আপাতত আর কোনো ধারাবাহিক নাটকে অভিনয় নয়। কারণ, ধারাবাহিকের জন্য অনেক দিন সময় দিতে হয়। ফলে চলচ্চিত্রের শিডিউলের সঙ্গে মিলিয়ে কাজ করতে গিয়ে হিমশিম খেতে হয়।
চলচ্চিত্রে আমি...
চলচ্চিত্র নিয়ে ব্যস্ত সময় কাটছে আমার। সম্প্রতি মায়ানগর ছবির শুটিং শেষে ব্যাংকক থেকে ফিরেছি। এ ছাড়া কাজ করছি শাহ আলম কিরণের একাত্তরের মা জননী আর মায়ের মমতাসহ কয়েকটি ছবিতে।
আলতাফ শাহনেওয়াজ