‘ধুম থ্রি’তে ক্যাটরিনা
না না করে শেষ পর্যন্ত যশ রাজ ফিল্মস ও ক্যাটরিনা কাইফ এবার স্বীকার করতে বাধ্য হলেন। আমির খানের বিপরীতে ধুম থ্রি-এর নায়িকা হতে চলেছেন ক্যাটরিনা। ছবি সই, ফটোশুট—সবকিছুই হয়ে গেছে। অথচ এত দিন সবার চোখে ধুলো দিয়ে প্রযোজনা সংস্থা মুখে কুলুপ এঁটে ছিলেন। কৌশলী ভঙ্গিতে জানিয়েছিলেন, আমির খানের জন্য তারা হলিউডের মুখ খুঁজছেন। এমনকি হাজার খানেক নতুন মেয়েরও নাকি অডিশন নেওয়া হয়েছিল। কাউকেই মনঃপূত না হওয়ায় ক্যাটরিনাকেই চূড়ান্ত করতে বাধ্য হয়েছেন। ক্যাটরিনাও প্রথমবারের মতো করণ জোহরের ছবিতে রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করার জন্য শিডিউল দিয়ে রেখেছিলেন। আমির খানের সঙ্গে তাঁর শিডিউল না মেলায় বাধ্য হয়েই ধুম থ্রিকে না করে দিয়েছিলেন ক্যাট—তেমন খবরই বেরিয়েছিল বেশ কয়েক মাস আগে। তবে এবার ক্যাটরিনা নিজেই জানিয়েছেন, প্রথমবারের মতো আমির খানের বিপরীতে অভিনয় করতে চলেছেন তিনি। বলিউড হাঙ্গামা।