'ধুম ৩' ছবির সেন্সর জটিলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ধুম ৩’ ছবির পোস্টারে আমির খান ও ক্যাটরিনা কাইফ
‘ধুম ৩’ ছবির পোস্টারে আমির খান ও ক্যাটরিনা কাইফ

বছরের আলোচিত ছবি ‘ধুম ৩’ মুক্তি পাচ্ছে আর মাত্র দুই দিন পর। তবে মুক্তির আগে সেন্সর জটিলতার মুখে পড়েছিল ছবিটি। অবশ্য কিছু পরিবর্তন সাপেক্ষে শেষ পর্যন্ত সেন্সর ছাড়পত্র পেয়েছে আমির খান অভিনীত ‘ধুম ৩’।
তিনটি পরিবর্তন আনার পর ‘ধুম ৩’ ছবিকে সেন্সর ছাড়পত্র দিয়েছে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
‘ধুম ৩’ ছবির একটি সংলাপে ‘ব্লাডি ইন্ডিয়ান’ শব্দের ব্যবহার নিয়ে আপত্তি তুলেছিল সেন্সর বোর্ড। শব্দ দুটি ভারতীয় নাগরিকদের জন্য খুবই আক্রমণাত্মক ও অপমানজনক আখ্যা দিয়ে তা পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ‘ব্লাডি ইন্ডিয়ান’-এর পরিবর্তে ‘ইউ আর ইন্ডিয়ান’ শব্দগুলো জুড়ে দেওয়া হয়েছে নির্দিষ্ট ওই সংলাপে। আরেকটি সংলাপে ‘ব্লাডি রিটার্ড’ শব্দের পরিবর্তে ‘ব্লাডি ইডিয়ট’ শব্দ ব্যবহারের পর আপত্তি তুলে নেয় সেন্সর বোর্ড।
এ ছাড়া ‘ধুম ৩’ ছবিতে দুঃসাহসিক সব ঝুঁকিপূর্ণ দৃশ্য থাকায় ছবির শুরুতেই সতর্ক বাণী জুড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে ছবির শুরুতেই জুড়ে দেওয়া সতর্ক বাণীতে বলা হয়েছে, ‘ছবিটিতে যেসব স্টান্ট দেখানো হয়েছে, তা পেশাদার লোকদের দিয়ে করানো হয়েছে। দয়া করে ঝুঁকিপূর্ণ এসব স্টান্ট নকল করার চেষ্টা করবেন না।’
সেন্সর বোর্ড নির্দেশিত সব পরিবর্তনের পর ‘ধুম ৩’ ছবির ব্যাপ্তি দাঁড়িয়েছে ১৭২ মিনিট ২১ সেকেন্ড। ছবিটির তামিল ও তেলেগু সংস্করণও সেন্সর ছাড়পত্র পেয়েছে। ব্রিটিশ সেন্সর বোর্ড থেকেও ছাড়পত্র পেয়েছে ‘ধুম ৩’। কাটছাঁটের পর ছবিটির যুক্তরাজ্য সংস্করণের ব্যাপ্তি দাঁড়িয়েছে ১৭২ মিনিট ১৪ সেকেন্ড।

‘ধুম’ সিরিজের প্রথম ছবিটি মুক্তি পেয়েছিল ২০০৪ সালে। এতে অভিনয় করেছিলেন জন আব্রাহাম, অভিষেক বচ্চন, উদয় চোপড়া, রিমি সেন, এষা দেওল প্রমুখ। প্রথম ছবির সাফল্যের রেশ ধরে দুই বছর পর মুক্তি পেয়েছিল এ সিরিজের দ্বিতীয় ছবি ‘ধুম ২’। এতে অভিনয় করেন হূতিক রোশন, ঐশ্বরিয়া রাই বচ্চন, অভিষেক বচ্চন, উদয় চোপড়া, বিপাশা বাসু প্রমুখ। সিরিজের দ্বিতীয় ছবিটিও দারুণভাবে ব্যবসাসফল হয়।

এবার ‘ধুম’ সিরিজের তৃতীয় ছবি উপহার দিতে যাচ্ছে যশ রাজ ফিল্মস। সিরিজের প্রথম দুটি ছবি পরিচালনার দায়িত্বে ছিলেন সঞ্জয় গাদভি। ছবিগুলোর সংলাপ ও চিত্রনাট্য লিখেছিলেন বিজয় কৃষ্ণ আচার্য। এবার ‘ধুম ৩’ ছবির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ রচনার পাশাপাশি পরিচালনারও দায়িত্ব পেয়েছেন ‘তাশান’ ছবির নির্মাতা বিজয় কৃষ্ণ। ‘ধুম ৩’ ছবির প্রধান কয়েকটি চরিত্রে রয়েছেন আমির খান, ক্যাটরিনা কাইফ, অভিষেক বচ্চন ও উদয় চোপড়া।