‘নগরায়ন’ উপস্থাপনায় রুমানা ইসলাম
গানের অনুষ্ঠানের পর এবার স্থাপত্য বিষয়ক একটি অনুষ্ঠানের উপস্থাপনা করলেন কণ্ঠশিল্পী ও স্থপতি রুমানা ইসলাম। মাছরাঙা টেলিভিশনের জন্য নির্মিত এ অনুষ্ঠানের নাম ‘নগরায়ন’। এ অনুষ্ঠানে বাসস্থান, শপিং মল, অফিস-ভবনসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন নকশা, আকার, নির্মাণশৈলী, বাজেট, অন্দরসজ্জা, অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হবে। অনুষ্ঠান প্রসঙ্গে রুমানা ইসলাম বলেন, ‘এই অনুষ্ঠানের প্রস্তাবটা হঠাত্ করেই পেয়েছি। আমার পড়াশোনার বিষয় কিন্তু স্থাপত্যবিদ্যা ছিল। তাই নগরায়ন অনুষ্ঠানটির উপস্থাপনা করতে অসুবিধা হয়নি। গানের অনুষ্ঠান উপস্থাপনা কিছুটা সহজ হলেও এ ধরনের অনুষ্ঠান কিছুটা কঠিন। তবে প্রথমদিনের শুটিংয়ের অভিজ্ঞতা বেশ চমত্কার।’ রুমানা আরও বলেন, ‘ছয়টি ভাগে ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে সাজানো হয়েছে নগরায়ন অনুষ্ঠানটি। উপস্থাপক হিসেবে আমার কাজটি হচ্ছে সূত্র ধরিয়ে দেওয়া।’ নগরায়ন অনুষ্ঠানটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল। মাছরাঙা টেলিভিশনে প্রতি বুধবার রাত এগারোটায় প্রচারিত হবে।