বেগম পারভিন সুলতানা। হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতে পাতিয়ালা ঘরানার কণ্ঠশিল্পী। মাত্র ২৫ বছর (১৯৭৬ সাল) বয়সে পেয়েছেন পদ্মশ্রী সম্মাননা। বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবে আজ গান গাইবেন তিনি। গতকাল শনিবার তিনি ঢাকার একটি হোটেলে নিজের কক্ষে প্রথম আলোকে এই সাক্ষাৎকার দিয়েছেন।

বাংলাদেশ...
আমার কাছে বাংলাদেশ এক অন্য রকম অনুভূতির নাম। আজ থেকে প্রায় ২০ বছর আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর এক অনুষ্ঠানে অংশ নিতে প্রথম এসেছিলাম। তখন সঙ্গে ছিলেন আমার গুরু ও স্বামী ওস্তাদ মোহাম্মদ দিলশাদ খান। ওই অনুষ্ঠানে আমরা প্রায় তিন ঘণ্টা সংগীত পরিবেশন করেছিলাম।
এই ঢাকা সেই ঢাকা...
প্রথম যখন ঢাকায় এসেছিলাম, রাস্তাঘাট ছিল অনেক ফাঁকা। এখন তো দেখি ঢাকার অনেক পরিবর্তন হয়েছে। তবে মানুষজনের আচরণের পরিবর্তন হয়নি। এই স্বল্প সময়ে যে কয়েকজনের সঙ্গে পরিচয় ঘটেছে, লুভা নাহিদ চৌধুরী ও অন্যরা; সবার ভেতরে দেখেছি সেই একই রকম আন্তরিকতা আর বিনয়।
কাজী নজরুল ইসলাম, জামদানি ও ইলিশ মাছ...
এবার দ্বিতীয়বার ঢাকায় এসেছি। সুযোগ পেলে কবি কাজী নজরুল ইসলামের সমাধি একটু ঘুরে দেখতে চাই। সেই ছোটবেলা থেকে তাঁর গান, কবিতা কত যে শুনেছি—নজরুল আমাকে যেন আচ্ছন্ন করে রাখেন। এ ছাড়া ঢাকার জামদানি আর ইলিশ মাছের অনেক সুনাম শুনেছি। শহর ঘুরে ওগুলো কিনতে চাই।
এবং বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব...
গত বছর এ উৎসবে আসতে পারিনি। তবে উৎসব সম্পর্কে শুনেছি। আমার মনে হয়, উচ্চাঙ্গসংগীতকে জনপ্রিয় করতে, সবার ভেতরে ছড়িয়ে দিতে এই উৎসব বড় ভূমিকা রাখবে।
কণ্ঠে যখন রাগের আভা...
উচ্চাঙ্গসংগীত আমার সব কিছু। আমার পরিচয়, আমার আত্মা। এ গান যখন গাই, আমি যেন পরমের সান্নিধ্য পাই; তখন আমি যে কোথায় থাকি তা যদি জানতে পারতাম! সে সময় কেউ ধাক্কা দিয়ে আমায় জাগিয়ে না দিলে বাস্তবে ফিরতে পারি না।
আজ যা গাইব...
আজ আমার পরিবেশনা থাকবে শেষ রাতের দিকে। কী গাইব, ঠিক করিনি এখনো—চার-পাঁচটা রাগ ভেবে রেখেছি।