‘নজরুল পদক’ পাচ্ছেন খালিদ হোসেন ও রফিকুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ মে কাজী নজরুল ইসলামের ১১২তম জন্মদিন। তার আগেই ২০ মে নজরুলজয়ন্তী উদ্যাপন করবে নজরুলসংগীত শিল্পী পরিষদ। জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠান। এবার ‘নজরুল পদক’ পাচ্ছেন শিল্পী খালিদ হোসেন ও রফিকুল ইসলাম। তাঁদের দেওয়া হবে নগদ ৫০ হাজার টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র।নজরুলসংগীত শিল্পী পরিষদের সাধারণ সম্পাদক সুজিত মোস্তফা বলেন, ‘নজরুলজয়ন্তীর অনুষ্ঠানমালা আমরা তিনটি অধিবেশনে ভাগ করেছি। সকাল ১০টায় প্রথম অধিবেশনে দেশের ২০টি জেলা থেকে আমন্ত্রিত নজরুলসংগীতের নিবেদিতপ্রাণ শিল্পী, প্রশিক্ষক, সংগঠক, গবেষক ও কর্মীকে সংবর্ধনা দেওয়া হবে। জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতায় যারা চ্যাম্পিয়ন হয়েছে, এমন ১৩ জন শিশু-কিশোর নজরুলের গান পরিবেশন করবে। দুপুরের অধিবেশন শুরু হবে বেলা তিনটায়। শুরুতেই থাকবে আসাদুল হকের প্রবন্ধ “নজরুলসংগীতের সমস্যা ও সমাধান”। প্রবন্ধ নিয়ে নির্ধারিত আলোচকদের পাশাপাশি এখানে দর্শকেরাও অংশ নিতে পারবেন। তৃতীয় ও শেষ অধিবেশনে দেওয়া হবে নজরুল পদক। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে দেশের জনপ্রিয় শিল্পীদের পাশাপাশি গান শোনাবেন প্রতিশ্রুতিশীল শিল্পীরাও। থাকবে নাচ ও আবৃত্তি।’সুজিত মোস্তফা আরও জানান, এরপর ৫ জুন থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজন করা হয়েছে সপ্তাহব্যাপী নজরুল উৎসব। ঢাকার পাশাপাশি সারা দেশের শিল্পীরা অংশ নেবেন এখানে।