
ফেরদৌস আরা। নজরুলসংগীতের শিল্পী। শিক্ষকতাও করছেন দীর্ঘদিন। চ্যানেল আইয়ে আজ রাতে প্রচারিত হবে তাঁর একক গানের অনুষ্ঠান ‘পথহারা’।
আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী...
আমার কাছে আজকের দিনটি একটু আলাদা। তাঁর গানের চর্চা করছি দীর্ঘদিন। আমার চেতনার সঙ্গে মিশে আছেন তিনি। নিজের কোনো আপনজনের মৃত্যুবার্ষিকী যেমন, আজকের দিনটিও আমার কাছে তেমনি অর্থ বহন করে।
নজরুল স্মরণে যেসব অনুষ্ঠানে অংশ নিচ্ছি...
২৩ আগস্ট থেকে চ্যানেল আইয়ে ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানে নিয়মিত নজরুলের গান করছি। এটিএন বাংলায় একটি টক শো করেছি। বিটিভিতে অনুষ্ঠান করেছি দুটি—‘সম্প্রতি’ আর ‘অঙ্গনা’। চ্যানেল সিক্সটিন আমার কয়েকটি গানের মিউজিক ভিডিওসহ একটি আলোচনা অনুষ্ঠান করছে। নজরুল ইনস্টিটিউট নজরুল স্মরণে তিন দিনব্যাপী অনুষ্ঠান করছে। আজ সন্ধ্যায় আমি গান করব।
‘পথহারা’...
‘পথহারা’ অনুষ্ঠানে নজরুলের পাঁচটি গান গেয়েছি। গানগুলোর রেকর্ডিং আর দৃশ্যায়ন হয়েছে কলকাতায়। পরবর্তী সময়ে এটি ডিভিডি আকারেও পাওয়া যাবে।
ক্ষুদে গানরাজের বিশেষ আয়োজন...
‘মেরিডিয়ান-চ্যানেল আই ক্ষুদে গানরাজ’ অনুষ্ঠানের আজকের পর্বটি সাজানো হয়েছে নজরুলের গান দিয়ে। আমি এই প্রতিযোগিতার অন্যতম বিচারক। নজরুলের মজার কিছু গান গেয়েছে বাচ্চারা।
কাজী নজরুল ইসলামকে গান শোনানোর অভিজ্ঞতা...
নজরুল তখন ধানমন্ডিতে থাকতেন। আমি আর আমার বোন জান্নাত আরা তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। শিল্পীরা তাঁকে গান শোনাতেন। আমার বোন গেয়েছিল ‘প্রিয় এমন রাত’ গান। আমিও তখন নজরুলকে গান শুনিয়েছিলাম। নজরুল কথা বলতে পারতেন না। কিন্তু গান শুনে তাঁর সে কী অভিব্যক্তি! শরীরে প্রচণ্ড কাঁপুনি, এদিক-ওদিক তাকাচ্ছিলেন।
যেখানে নজরুল এক ও অদ্বিতীয়...
বাংলা গানকে সমৃদ্ধ করার পেছনে কাজী নজরুল ইসলামের অশেষ অবদান রয়েছে। গানে বৈচিত্র্যের ভান্ডার তাঁর মতো আর কারও নেই। প্রতিটি উৎসব আর আচার-অনুষ্ঠানকে কেন্দ্র করেই নজরুলের গান খুঁজে পাবেন। চার হাজারের বেশি গান রচনা করেছেন তিনি। তেমনটি আর দেখা যায় না।
মো. সাইফুল্লাহ