
ছায়ানটের নজরুল উৎসবে অধ্যাপক রফিকুল ইসলাম বললেন, এখন অনেকে নজরুলের গানে নতুন করে সুরারোপ করতে চান। তাঁদের হাত থেকে নজরুলকে রক্ষা করা দরকার। ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’ নৃত্যগীতের মধ্য দিয়ে গতকাল ছায়ানটে শুরু হলো দুই দিনব্যাপী নজরুল উৎসব।
উৎসবে সবাইকে স্বাগত জানান শিল্পী শাহীন সামাদ। প্রথম দিনের আকর্ষণ ছিল নজরুল গবেষক অধ্যাপক রফিকুল ইসলামের প্রিয় গান ও কথন। একে একে গীত হলো রফিকুল ইসলামের প্রিয় ‘শুভ্র সমুজ্জ্বল’, ‘এ নহে বিলাস বন্ধু’, ‘আকাশে হেলান দিয়ে’, ‘আধো ধরণী আলো আধো আঁধার’ গানগুলো।
রফিকুল ইসলাম বলেন, ১৯৪২ সালে নজরুল অসুস্থ হওয়ার পর তাঁর গান বিকৃত করা হয়েছিল। নজরুলের নিজের রেকর্ড করা গান থেকে পরে তাঁরা স্বরলিপি উদ্ধার করেন। রফিকুল ইসলাম মনে করেন, ছায়ানটে নজরুলসংগীতের নবজাগরণ হচ্ছে। এখানে সবচেয়ে শুদ্ধ সুর-স্বরে যথার্থভাবে এ গানের চর্চা হচ্ছে। পুরো আয়োজনে ছিল একক ও সম্মেলক গান, নৃত্য, আবৃত্তি ও পাঠ।
ছায়ানটের পাশাপাশি উৎসবে অংশ নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ। আজও উৎসব শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। প্রবেশ অবাধ।