ক থো প ক থ ন: ফাতেমা-তুজ-জোহরা। নজরুলসংগীতের বিশিষ্ট শিল্পী। উপস্থাপনা করছেন এবং কাজ করছেন নজরুলের গান নিয়ে। আজ নজরুলজয়ন্তী। এই দিনটিতে বিভিন্ন টিভি চ্যানেলে এবং বাইরের অনুষ্ঠানে গান করবেন তিনি
'নজরুলের গান ছাড়া কিছু বুঝি না'

নজরুলজয়ন্তী ঘিরে ব্যস্ততা...
বৈশাখী আর বাংলাভিশনে লাইভ অনুষ্ঠানে গান করব। এসএ টিভিতেও গান করব। দুপুরে একুশে টিভিতে অনুষ্ঠান আছে। ছায়ানটে নজরুল উৎসবে তো করবই।
নজরুলের গান আমার কাছে...
জ্ঞানে, ভালোবাসায়, সাধনায়—আমি নজরুলের গান ছাড়া আর কিছু বুঝি না। অন্য গানও করি। কিন্তু নজরুলের গানের মর্যাদা আমার কাছে অন্য রকম।
ভীষণ ভালো লাগে...
গোধূলির আলো আমার খুব প্রিয়। বিকেলের শেষ সময়ে প্রকৃতিটাকে খুব অচেনা মনে হয়। মনে হয়, এই দেশটি আমি আগে কখনো দেখিনি। এ সময়ে যেখানেই থাকি না কেন, আমি প্রকৃতি দেখি।
যখন পেছনে ফিরে তাকাই...
মনে হয়, ভাগ্যিস নজরুলের গান শিখেছিলাম। কী পেলাম, না পেলাম—সেটা বড় কথা নয়। কিন্তু একজন শিল্পীর গান গাওয়ার জন্য যে সাহসটা দরকার হয়, তা আমি নজরুলের কাছ থেকে পেয়েছি।
যদি কাজী নজরুল ইসলামকে একটি গান শোনানোর সুযোগ হতো...
কোন গান শোনাতাম, সেটা তো পরের কথা; তাঁকে গান শোনানোর দুঃসাহস বোধ হয় আমার হতো না। শুধু অবাক হয়ে তাঁকে দেখতাম।
একবার কাজী নজরুল ইসলামের বাড়িতে...
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নজরুলের জন্মের ১০০ বছর পূর্তি উপলক্ষে আমাকে দাওয়াত করেছিল। তখন নজরুলের বাড়িতে গিয়েছিলাম। তাঁর ঘরে ঢুকেছিলাম। কয়েকটি মুহূর্ত আমি যেন ঘোরের মধ্যে ছিলাম। মনে হচ্ছিল, এই ঘরে তিনি ঘুমাতেন, এই ঘরে তিনি লিখতেন! এ-ঘর ও-ঘর ঘুরতে ঘুরতে মনে হচ্ছিল, হঠাৎ বুঝি তিনি সামনে চলে আসবেন! গা ছমছম করছিল! এই দিনটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তরুণ শিল্পীদের উদ্দেশে...
নতুন অনেকেই ভালো করছে। তাদের বলব, প্রচুর অনুশীলন করতে হবে। কিছুতেই যেন মনে গর্ব স্থান না পায়। বিনয়ী, নম্র হয়ে গান গাইতে হবে।
l মো. সাইফুল্লাহ