‘নট আউটে’ দিতি-মীমের দ্বৈরথ!
‘নট আউট’ নাটকে অভিনেত্রী দিতি-বিদ্যা সিনহা মীমের দ্বন্দ্ব এখন চরমে। কেউ কাউকে সহ্য করতে পারছেন না। দুজনের বাগ-বিতণ্ডা সামলাতে তটস্থ সবাই। বউ-শাশুড়ি নট আউট নাটকের গল্পের প্রয়োজনে দিতি ও মীম এই দুই চরিত্রে অভিনয় করছেন।নাটকে শাশুড়ির চরিত্রে দিতি এবং বউয়ের চরিত্রে অভিনয় করছেন মীম। সজল অভিনয় করছেন দিতির ছেলে ও মীমের স্বামীর চরিত্রে। ‘নট আউট’ নাটকটি রচনা করেছেন রুম্মান রশীদ খান পরিচালনা করেছেন নুজহাত আলভী আহমদ।নাটক প্রসঙ্গে দিতি বলেন, ‘অনেক দিন পর মজার একটি নাটকে কাজ করছি। নাটকে আমার চরিত্র হাওয়া বেগম। সারাক্ষণ হাওয়া খেয়ে বেড়াই আর ছেলের বউয়ের পেছনে লেগে থাকি।’নট আউট প্রসঙ্গে মীম বলেন, ‘নাটকের প্রতিটি সংলাপ শুনে দর্শক হাসবে, আমি নিশ্চিত। আমরা খুব মজা করে কাজটি করছি। নাটকে আমার চরিত্রের নাম চুমকি। আমি সংসারে আমার কর্তৃত্ব কায়েম করার চেষ্টা করে যাচ্ছি।’সজল এর আগেও দিতির ছেলের চরিত্রে অভিনয় করেছেন একাধিক নাটকে। তবে এ নাটকে তাঁর চরিত্রটি সম্পূর্ণ ব্যতিক্রম। সজল বলেন, ‘নাটকের গল্পে সুন্দর একটি বার্তা আছে। আশা করি, নাটকটি দর্শকদের ভালো লাগবে।’জানা গেছে, বউ-শাশুড়ি নট আউট নাটকটি আসছে ঈদের জন্য নির্মিত হচ্ছে।