‘নতুন করে পাওয়া’ নিয়ে কয়্যার বাংলা
গানের দল বাংলার প্রথম অ্যালবাম ‘নতুন করে পাওয়া’ প্রকাশিত হয়েছে। গতকাল শুক্রবার রাজধানীর একটি রেস্টুরেন্টে ‘নতুন করে পাওয়া’ অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে শিল্পীদের শুভেচ্ছা জানিয়ে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট সংগীতজ্ঞ সুধীন দাশ, সুজেয় শ্যাম, লেজার ভিশনের চেয়ারম্যান এ.কে.এম আরিফুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম, অভিনেতা শংকর সাঁওজাল, সংগীতশিল্পী তানভীর আলম সজীবসহ আরও অনেকে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপস্থিত অতিথিদের সামনে কয়্যার বাংলার শিল্পীরা ‘বাজাও প্রভু বাজাও’ এবং ‘দূর দ্বীপ বাসিনী’ গান দুটি মঞ্চে পরিবেশন করেন। জানা গেছে, নতুন করে পাওয়া অ্যালবামে রয়েছে নজরুলের ছয়টি গান ও রবীন্দ্রনাথের দুটি গান মিলিয়ে একটি গান। আরও আছে লালন আর সলিল চৌধুরীর গান। নতুন করে পাওয়া অ্যালবামটি প্রকাশ করেছে লেজার ভিশন।বছর দুয়েক আগে কয়্যার বাংলা দলটির নাম ছিল কয়্যার থার্টি ওয়ান। তখন গানের এই দলটির সদস্যসংখ্যা ছিল ৩১। এখন আছেন ১৬ জন। তাই দলটির নাম পাল্টে গেছে বলেই জানিয়েছেন দলটির প্রধান সংগীতশিল্পী সজীব।