'নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা' উৎসবের নির্বাচিত ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি যৌথভাবে ‘নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা’ শিরোনামে দেশের চলচ্চিত্রকারদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য, পূর্ণদৈর্ঘ্য এবং প্রামাণ্য চলচ্চিত্রের বছরব্যাপী এক প্রতিযোগিতামূলক চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে। উৎসবে ডিসেম্বর মাসের প্রদর্শনীর জন্য জমা হওয়া চলচ্চিত্র থেকে ১৩টি চলচ্চিত্র নির্বাচন করেছেন জুরি সদস্যরা।


নির্বাচিত চলচ্চিত্রগুলোর মধ্যে ৭টি স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্রের উদ্বোধনী প্রদর্শনী হবে আগামী ২৫ ডিসেম্বর ২০১৫, শুক্রবার। নির্বাচিত চলচ্চিত্রগুলোর প্রদর্শনী হবে বিকেল ৩টা, বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায়। । বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে নির্বাচিত চলচ্চিত্রগুলোর প্রদর্শনী হবে। আসছে শুক্রবার এই চলচ্চিত্র উৎসবে নির্বাচিত ১৩টি চলচ্চিত্র ন্যূনতম দর্শনীর বিনিময়ে প্রদর্শিত হবে।

দর্শনীর টাকা দর্শকের উপস্থিতিতেই নির্মাতাদের হাতে তুলে দেওয়া হয়।

উৎসবে প্রদর্শনীর জন্য নির্বাচিত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র ‘স্বপ্ন’ নির্মাতা রুমু ইসলাম (উদ্বোধনী প্রদর্শনী), ‘টু-নেস’ নির্মাতা জাবেদ পাটওয়ারী (উদ্বোধনী প্রদর্শনী), ‘ডেড’স সার্কাস’ নির্মাতা ফরিদুল আহসান সৌরভ (উদ্বোধনী প্রদর্শনী), ‘কালার অব ক্লাউডস’ নির্মাতা নাহিদ হাসান (উদ্বোধনী প্রদর্শনী), ‘দেয়াল’ নির্মাতা সুজন ভট্টাচার্য, ‘চোর’ নির্মাতা শাহজাহান শামীম, ‘সময়’ নির্মাতা আবু নাঈম মাহতাব মোর্শেদ এবং ‘এরপর বাস্তবতা’ নির্মাতা এস এ সাদিক (উদ্বোধনী প্রদর্শনী)। এই চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে বিকেল ৩টায়। এ সময় মোট ৮টি স্বল্পদৈর্ঘ্য কাহিনি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

এ ছাড়া, বিকেল ৫টায় প্রদর্শিত হবে ৩টি প্রামাণ্য চলচ্চিত্র। প্রামাণ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘বাংলাদেশের হৃদয়’ নির্মাতা সাইফুল ওয়াদুদ হেলাল, নির্মাতা অদ্রি হৃদয়েশ, শরীফ রেজা মাহমুদ ও আরাত্রিক বকশীর ‘উজানযাত্রা’, এবং নির্মাতা পলাশ রসুলের ‘ইলিশ বৃত্তান্ত’।


সন্ধ্যা ৭টায় উদ্বোধনী প্রদর্শনী হবে ২টি স্বল্পদৈর্ঘ্য কাহিনি চলচ্চিত্রের। স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র ‘অপেক্ষা’র নির্মাতা সরওয়ার জাহান খান এবং নির্মাতা শ্যামল শিশিরের ‘তামসিক নিসর্গ’।