'নতুন সিডিতে থাকবে সুফি আর শাস্ত্রীয় সংগীতের ছোঁয়া'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমরজিৎ রায়
সমরজিৎ রায়

চট্টগ্রামের ছেলে সংগীতশিল্পী সমরজিৎ রায় দিল্লির গান্ধর্ব মহাবিদ্যালয়ের অধীনে সংগীত বিশারদের চূড়ান্ত পরীক্ষায় সারা ভারতে প্রথম স্থান অর্জন করেন। এখন এই মহাবিদ্যালয়ে তিনি শাস্ত্রীয় সংগীতের শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন৷ সম্প্রতি ঢাকায় এসেছিলেন৷ আজ রাতে সমরজিৎ গাইবেন এসএ টিভির ‘গহীনের গান’ অনুষ্ঠানে। কথা হলো তাঁর সঙ্গে
গহীনের গান অনুষ্ঠানে যেসব গান গাইব...
পুরো অনুষ্ঠানে সব মিলিয়ে ১৩টি গান গাওয়ার সুযোগ পাব। মান্না দের গান বেশি গাইব ঠিক করেছি। থাকবে সতীনাথ মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং পণ্ডিত অজয় চক্রবর্তীর গানও। নিজের অ্যালবামের গানও গাইব।
এ পর্যন্ত আপনার কতগুলো অ্যালবাম বের হয়েছে?
আমার প্রথম অ্যালবামের নাম তেরা তসব্বুর । হিন্দি গানের এই অ্যালবামটি ভারতের জিমা অ্যাওয়ার্ডে (গ্লোবাল ইন্ডিয়ান মিউজিক অ্যাওয়ার্ড) জনপ্রিয় বিভাগে মনোনয়ন পায়। সেরার পুরস্কার না পেলেও অত বড় একটি আসরে ভারতের সেরা পাঁচটি জনপ্রিয় অ্যালবামের একটি হওয়া আমার জন্য অনেক বড় পুরস্কার মনে হয়েছে। এরপর ঢাকা থেকে প্রকাশিত হয় অনুপ জালোটার সঙ্গে বাংলা গানের অ্যালবাম অচেনা একটা দিন (২০০৯)। এ ছাড়া রবি রঞ্জনী (২০১১), এক চিলতে রোদ (২০১২) ও প্রতিধ্বনি (২০১৩) নামের আরও তিনটি অ্যালবাম প্রকাশিত হয়।
নতুন অ্যালবামের কাজ শুরু করেছেন?
হ্যঁা৷ এটি পুরোপুরি আধুনিক গানের হিন্দি অ্যালবাম। যাতে সুফি আর শাস্ত্রীয় সংগীতের ছোঁয়া থাকবে। পাঁচটি গানের কাজ শেষ হয়েছে। বাকি আছে তিনটি গান।
গানের সঙ্গে সখ্য...
আমার দুই দাদা গান করতেন। ক্যাসেট প্লেয়ারে মান্না দের গান শুনে তা হারমোনিয়ামে তুলে গাওয়ার চেষ্টা করতাম। এরপর চট্টগ্রামের শ্রী নির্মলেন্দু চৌধুরীর কাছে তালিম নিই। ২০০০ সালে স্নাতক শেষ করে ভারত সরকারের বৃত্তি নিয়ে সংগীতে উচ্চশিক্ষার জন্য দিিল্লর গান্ধর্ব মহাবিদ্যালয়ে ভর্তি হই৷ সেখানে যাওয়ার পর পদ্মশ্রী পণ্ডিত মধুপ মুগদল ও পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছেও শাস্ত্রীয় সংগীতে তালিম নিই।
চলছে বিশ্বকাপ ফুটবল...
ম্যারাডোনার খেলা দেখেই আমি আর্জেন্টিনার ভক্ত। এখনো আর্জেন্টিনার সঙ্গে আছি।
মনজুর কাদের