'নতুন সিনেমার গল্প মাথায় ঘুরপাক খাচ্ছে'

করোনার দিনে লকডাউন আর কোয়ারেন্টিনে বিনোদন দুনিয়ার সব কাজ বন্ধ। ব্যতিক্রম নয় দেশের বিনোদন। ক্ল্যাপস্টিকের শব্দ, অ্যাকশন কাটহীন কেটে গেল প্রায় দুই মাস। আরও কত দিন যে এমন যাবে, কে জানে। শুটিং, ডাবিং,পোস্ট প্রোডাকশনের কাজ বন্ধ। তাই সব শিল্পী, কলাকুশলীদের পাশাপাশি নির্মাতারাও ঘরে ঢুকে পড়েছেন তাও বেশ কয়েক দিন হলো।
ঘরে বসে বসে সংসারের কাজে সহযোগিতা করার পাশাপাশি বই পড়ে, সিনেমা দেখে সময় কাটছে তাঁদের। এসবের বাইরে চলচ্চিত্র নির্মাতারা সময়টাকে কাজে লাগাচ্ছেন সিনেমার গল্প ও চিত্রনাট্য লেখার কাজে।
নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের তৃতীয় ও সর্বশেষ ছবি ‘পাপ পুণ্য’। শুটিং শেষ, আটকে গেছে পোস্ট প্রোডাকশনের কাজ। মাসখানেক হলো তিনি ঘরেই থাকছেন। এ সময়ে বই পড়া, সিনেমা দেখা তো হচ্ছেই, সঙ্গে নতুন সিনেমার গল্পও এগোচ্ছে।
গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘এ যেন এক অফুরন্ত সময়। ঘরে বসে আছি। বই পড়ছি, সিনেমা দেখছি। নতুন সিনেমার গল্প মাথায় ঘুরপাক খাচ্ছে। করোনার দিনগুলোতে ঘটে যাওয়া একেকটি ঘটনা বিশেষ করে, করোনা সন্দেহে মধুপুর বনে বৃদ্ধ মাকে সন্তানদের ফেলে যাওয়া, কিংবা সিলেটে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসকের মৃত্যুবরণসহ নানা ঘটনা গল্পে ছাপ ফেলছে। লেখার প্রস্তুত নিচ্ছি। শিগগিরই লিখে ফেলব।’
করোনাভাইরাসের কারণে আটকে গেছে ‘অপারেশন সুন্দরবন’। ছবির পরিচালক দীপঙ্কর দীপনের সময় কাটছে ঘরে বসেই। তবে সময়ের ষোলোআনা সদ্ব্যবহার করছেন তিনি। মাথা থেকে কাগজে-কলমে রান্না হচ্ছে একটি ওয়েব সিরিজ ও একটা সিনেমার চিত্রনাট্য।
করোনার আতঙ্কে ‘ইত্তেফাক’ ও ‘স্বপ্নবাজী’ নামে দুটি ছবির কাজ আটকে গেছে নির্মাতা রায়হান রাফির। যোগাযোগ বন্ধ, তাই ‘পরাণ’ নামে আরেকটি ছবির পোস্ট প্রোডাকশনের কাজ কলকাতা থেকে পুরোপুরি শেষ করে আনতে পারেননি। ঘরে থেকে সময়টা কাজে লাগাচ্ছেন। বললেন, ‘একটা লেখা শেষ, আরেকটি লেখা চলছে। অনেক সময় শুটিংয়ে ব্যস্ত থাকি। নিজে গল্প লিখলেও সময়ের অভাবে অন্যকে দিয়ে চিত্রনাট্য লিখিয়ে নিতে হয়। এখন সময় আছে, তাই চিত্রনাট্যও লিখছি। সব স্বাভাবিক হলে, বেঁচে থাকলে পরে কখনো শুটিং করব।’
করোনায় নির্মাতা সৈকত নাসিরের থেমে আছে ‘আকবর-ওয়ানস আপন এ টাইম ইন ঢাকা’ ছবির কাজ। ‘ক্যাসিনো’ ছবির শুটিং শেষ হলেও পোস্ট প্রোডাকশনের কাজ কিছু বাকি আছে। এখন বন্দী সময়টাতে ঘরে বসে নতুন ছবির চিত্রনাট্য লিখছেন তিনি। সৈকত নাসির বলেন, ‘অনেক দিন হলো ঘরবন্দী। বিভিন্নভাবে সময় কাটানোর চেষ্টা করছি। ফাঁকে ফাঁকে নতুন ছবির একটা চিত্রনাট্য লিখলাম। এখনো নাম ঠিক করিনি। আরেকটি গল্প বানাচ্ছি।’ অন্যদিকে ঘরে বসে বসে ‘ঈদ মোবারক’ ও ‘নবাব এলএলবি-বেক ফর জাস্টিস’ নামে দুটি ছবির চিত্রনাট্য লিখেছেন অনন্য মামুন। আটকে গেছে মেকআপ ও সাইকো নামে দুটি ছবির শুটিং।