
সুবর্ণা মুস্তাফা। অভিনয়শিল্পী। আজ মাছরাঙা টেলিভিশনের শুরু হচ্ছে তাঁর অভিনীত নতুন ধারাবাহিক পিঞ্জর। নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন বদরুল আনাম সৌদ।
‘পিঞ্জর’ নাটকে যে চরিত্রে অভিনয় করছি...
নাটকটিতে অভিনয় করছি রানু চরিত্রে। যার স্বামীর নাম মানিক মিয়া। মানিক ১১ বছর জেলে থাকে। তার পরের তিন বছর মানিক মিয়ার কোনো খোঁজ পাওয়া যায় না। হঠাৎ একদিন সে বাড়ি ফিরে আসে। ঠিক সেদিনই তার মেয়ের বিয়ে। এভাবেই ঘটনা এগোতে থাকে।
নাটকের দৈর্ঘ্য...
১০৪ থেকে ১৫০ পর্ব পর্যন্ত হওয়ার কথা। বদরুল আনাম সৌদ সব সময় দারুণ চিত্রনাট্য লেখেন। এ নাটকেও এর ব্যতিক্রম হয়নি।
পরিচালক হিসেবে বদরুল আনাম সৌদের যে তিনটি দিক সবচেয়ে ভালো লাগে...
সিনিয়র-জুনিয়র—সব বয়সী অভিনয়শিল্পীকে সৌদ সমান সময় আর মনোযোগ দেয়। খুব ডিটেইল কাজ করে। পারফরমারের মেধা বুঝে কাজ আদায় করে নেওয়ার গুণটা তাঁর উল্লেখযোগ্য।
নতুনের আবাহন...
আমরা অর্থাৎ সাতকাহন প্রোডাকশন, সৌদ আর আমি নতুনদের নিয়ে কাজ করতে স্বচ্ছন্দ্য বোধ করি। এই নাটকেও বেশ কয়েকজন নতুন শিল্পী অভিনয় করছেন। তাঁদের মধ্যে নোলক, আনিলা ও নাজিবা বাশারের কথা বলতে হয়। তাঁরা প্রত্যেকেই কিন্তু এই নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করছেন। আমাদের প্রোডাকশনের কাজের বেলায় আমরা এটা মেনে চলি যে ছোট পরিসরে হলেও আমরা ভালো অভিনয়শিল্পীকে দিয়ে কাজটা করাতে চাই।
সফল ধারাবাহিকের গোপন মন্ত্র...
সব সময় ভালো কাজ করার চেষ্টা তো আছেই, সততা একটা বড় বিষয়।
মাহফুজ রহমান