ক থো প ক থ ন: শর্মিলা বন্দ্যোপাধ্যায়। নৃত্যশিল্পী ও নৃত্য সংগঠন ‘নৃত্যনন্দনের’ পরিচালক। আজ তাঁর পরিকল্পনা ও নির্দেশনায় অনুষ্ঠিত হচ্ছে বর্ষা নিয়ে তাঁদের নতুন প্রযোজনা ‘বাদল মেঘে মাদল বাজে’। ছায়ানট সাংস্কৃতিক মিলনায়তনে এর উদ্বোধনী প্রদর্শনী হবে সন্ধ্যা সাতটায়
'নতুনেরা ভালো করছে'

বাদল মেঘে মাদল বাজে...
রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষাবিষয়ক কবিতা, গান, চিঠি ও অন্যান্য রচনার সম্মিলনে তৈরি করা হয়েছে প্রযোজনাটির পাণ্ডুলিপি। এক ঘণ্টার এই পরিবেশনার মধ্যে নৃত্যের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে কাব্য পাঠ। পাঠ করবেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানের আগে হল থেকে আমন্ত্রণপত্র সংগ্রহ করা যাবে।
‘লেডি ফ্রম দ্য সি’, মাঝে বিরতি...
প্রায় দুই বছর আগে আমরা মঞ্চে এনেছিলাম নৃত্য প্রযোজনা ‘লেডি ফ্রম দ্য সি’। এরপর সংগঠনের বাইরেও অনেক কাজ করেছি। আর একটি নতুন প্রযোজনা মঞ্চে আনা অনেক ব্যয়সাপেক্ষ। এ ক্ষেত্রে ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক কিংবা সরকারি পৃষ্ঠপোষকতা পেলে নৃত্যশিল্পের চর্চা প্রাণবন্ত হতো।
সমসাময়িক নৃত্যচর্চা সম্পর্কে আমার ভাবনা...
বাংলাদেশে এখন অনেক ভালো কাজ হচ্ছে। বিশেষ করে নতুনেরা ভালো করছে। নতুন নতুন শিল্পীও তৈরি হচ্ছে। সমসাময়িক বিষয়বস্তু নিয়ে কাজ করা খুবই ভালো একটি বিষয়। কিন্তু তা যদি মানোত্তীর্ণ না হয়, তবে তা শিল্পটির জন্য ক্ষতিকর। এ জন্য শিল্পীদের শারীরিক ও মানসিক প্রস্তুতি দরকার। শিল্পীদের দক্ষতা প্রয়োজন। এ ক্ষেত্রে হয়তো নৃত্যবিষয়ক বিভিন্ন কর্মশালার কথা উঠে আসতে পারে। শুধু দু-একটি কর্মশালা করেই কোনো প্রযোজনা করা ঠিক নয়। কেননা, কর্মশালার মধ্য দিয়ে হয়তো শিল্পের আঙ্গিক সম্পর্কে কেবল ধারণা পাওয়া যায় বা শরীরটা তৈরি হয়; কিন্তু দক্ষতা অর্জিত হয় না।
নৃত্য নিয়ে আরও কিছু...
ওয়ার্ল্ড ডান্স অ্যালায়েন্সের বাংলাদেশ অধ্যায়ের সভাপতি এবং ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) নৃত্যকলা বিভাগের আহ্বায়ক আমি। সারা দেশে নৃত্যশিল্পের বিরাজমান চর্চাকে আরও ত্বরান্ব্বিত করার জন্য এই দুটি সংগঠন নিরলসভাবে কাজ করে চলেছে। শিল্পীদের দক্ষতা ও সৃজনশীলতা বৃদ্ধির জন্য প্রতিবছরই ঢাকা ও ঢাকার বাইরে আয়োজন করছে বিভিন্ন কর্মশালা।
আমার স্বপ্ন ও পরিকল্পনা...
আমাদের নৃত্যশিল্পাঙ্গনে এখন প্রাণসঞ্চার হয়েছে। সব প্রতিকূল পরিবেশ-পরিস্থিতি মোকাবিলা করে সবাই যার যার জায়গা থেকে চর্চা করে যাচ্ছে। এ ক্ষেত্রে দেশের সংবাদমাধ্যমগুলো আরও মনোযোগী হলে শিল্পটি ভালোভাবে এগিয়ে যাবে।