'নবাব' আর 'বস ২'-তে মেতেছেন দর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ছায়াবাণী সিনেমা হলের সামনে দর্শকের জটলা
ময়মনসিংহের ছায়াবাণী সিনেমা হলের সামনে দর্শকের জটলা
ঈদের ছবির বয়স এক সপ্তাহ পেরোল। রাজনীতি, নবাব, বস ২ নিয়ে চলছে বিস্তর আলোচনা—ভালো-মন্দ, নিয়ম-অনিয়ম। তবে দর্শক ঈদের দিন থেকে উৎসবের রীতি মনে করেই ছুটে গিয়েছেন প্রেক্ষাগৃহে। দেখেছেন ঈদের ছবি। দেশের বিভাগীয় শহরগুলোর প্রেক্ষাগৃহে ঈদ কতটা আনন্দ নিয়ে এসেছে, সেই খবর জানিয়েছেন প্রথম আলোর স্থানীয় প্রতিনিধিরা। গতকাল প্রথম পর্বে ঢাকা, রাজশাহী, রংপুর ও সিলেটের প্রেক্ষাগৃহের চিত্র প্রকাশিত হয়েছিল। শেষ পর্বে থাকছে আরও চার শহরের চিত্র।ঈদের ছবি চলছে বেশ

নবাব আর বস ২ চলচ্চিত্র দুটি ময়মনসিংহের দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এবারের ঈদে। ভারত–বাংলাদেশ যৌথ প্রযোজনার চলচ্চিত্র দুটি দেখতে দুটি প্রেক্ষাগৃহে ঈদের দিন থেকেই ভিড় করছেন দর্শকেরা। 

নবাব মুক্তি পেয়েছে পূরবী হলে। বস ২ দেখা যাচ্ছে ছায়াবাণী প্রেক্ষাগৃহে। দুটি হলের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, ভারত–বাংলাদেশের যৌথ প্রযোজনার চলচ্চিত্র সম্প্রতি ময়মনসিংহে ভালোই দর্শক টানছে। বিশেষ করে ঈদে দুই দেশের যৌথ প্রযোজনার চলচ্চিত্র মুক্তি পেলে দর্শক একটু বেশিই আগ্রহ নিয়ে হলে যান। কথা বলে জানা যায়, পূরবীতে শিকারি–খ্যাত শাকিব খানের নবাব দেখতে ঈদের দিন ও পরের দিন দর্শকের ভিড় ছিল। ঈদের দিন থেকেই টালিগঞ্জের জনপ্রিয় নায়ক জিৎ অভিনীত বস ২ সিনেমাটি দেখতেও হলে উপচে পড়ছেন দর্শক। টিকিট না পেয়ে অনেক দর্শক ফিরে গেছেন প্রথম দুই দিন। ঈদের প্রথম দুই দিনের প্রদর্শনীগুলো হাউসফুল ছিল। বুধবার থেকে ভিড় একটু কমেছে। 

নবাব দেখতে আসা সাইফুল আলম বলেন, যৌথ প্রযোজনার ছবিতে শাকিব খান অভিনীত শিকারি থেকে নতুন মাত্রা যোগ হয়েছে। ভালো লেগেছে নবাব। ছায়াবাণী হলের সামনে কথা হয় দুজন নারী দর্শকের সঙ্গে। তাঁরা বলেন, ‘ভারতের টেলিভিশন চ্যানেলে আমরা জিতের সিনেমা দেখে মুগ্ধ হই। এবার বড় পর্দায় আরও ভালো লাগল।’