'নবাব' ও 'বস ২' মুক্তির দাবিতে মানববন্ধন

‘নবাব’ ও ‘বস ২’ চলচ্চিত্র দুটির মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আজ বুধবার মানববন্ধন করেছে চলচ্চিত্র প্রযোজক, প্রদর্শক সমিতি, বুকিং এজেন্ট ও প্রেক্ষাগৃহ মালিকদের জোট। তাদের দাবি, এবারের ঈদের কাঙ্ক্ষিত চলচ্চিত্র হলো যৌথ প্রযোজনায় নির্মিত ‘নবাব’ ও ‘বস ২’। ঈদের আগেই চলচ্চিত্র দুটি মুক্তি দিতে হবে।
এই চলচ্চিত্র দুটির মুক্তির বিরোধিতা করে কয়েক দিন ধরেই আন্দোলন করছে চলচ্চিত্রের ১৪টি সংগঠন সমন্বয়ে গঠিত নতুন সংগঠন ‘বাংলাদেশ চলচ্চিত্র পরিবার’। এই সংগঠনটির দাবি, ঈদে মুক্তি প্রতীক্ষিত ‘নবাব’ ও ‘বস ২’ সিনেমা দুটি যৌথ প্রযোজনার নীতিমালা না মেনেই বানানো হয়েছে। তাই তারা সিনেমা দুটি মুক্তির বিরোধিতা করছেন।
অন্যদিকে চলচ্চিত্র প্রযোজক, প্রদর্শক সমিতি, বুকিং এজেন্ট ও প্রেক্ষাগৃহ মালিক জোট সিনেমা দুটি দর্শকের কাছে নিয়ে যাবেন। আজ মানববন্ধনে ঈদের আগে চলচ্চিত্র দুটি মুক্তি দেওয়া না হলে ঈদের আগে সিনেমা হল বন্ধের হুঁশিয়ারিও দেন তাঁরা।
‘নবাব’ ও ‘বস ২’ চলচ্চিত্র দুটি বাংলাদেশের প্রযোজক জাজ মাল্টিমিডিয়া। এই প্রতিষ্ঠানের কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘ঈদে আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে দুটি সিনেমা মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্য সিনেমা দুটি নিয়ে দর্শকের যে আগ্রহ দেখেছি, তা আমাদের মুগ্ধ করেছে। ইউটিউবে সিনেমার ট্রেলার ও গান প্রকাশিত হয়েছে। সিনেমাপ্রেমী দর্শকেরা ছবি দুটির ট্রেলার ও গানের প্রশংসাও করেছেন। তাই একটা কথা বলতে চাই, দর্শকের পছন্দ, স্বাধীনতা ও চাহিদা পূরণে বাধা দেওয়াটা মোটেও ঠিক হবে না। তা ছাড়া এই সিনেমা দুটির জন্য দেশের অনেক প্রেক্ষাগৃহ মালিক অনেক আগে থেকে বুকিং দিয়ে রেখেছেন।’
মানববন্ধনে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ ছাড়াও একই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলিমুল্লাহ খোকন, প্রযোজক মোহাম্মাদ ইকবাল, হল মালিক কামাল, চিত্রনায়ক রোশানসহ অনেকে উপস্থিত রয়েছেন।
ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত ‘নবাব’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শুভশ্রী। আর ‘বস টু’ সিনেমায় ওপার বাংলার অভিনেতা জিতের বিপরীতে অভিনয় করেছেন শুভশ্রী ও বাংলাদেশের নুসরাত ফারিয়া।