‘নাইটহুড’ নিতে অস্বীকৃতি জানালেন ড্যানি বয়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্লামডগ মিলিয়নিয়র’ খ্যাত অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা ড্যানি বয়েল যুক্তরাজ্যের নাইটহুড খেতাব প্রত্যাখ্যান করেছেন। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ডেইলি টেলিগ্রাফ। চলতি বছরের ২৭ জুলাই লন্ডন অলিম্পিক আসরের উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেছিলেন ড্যানি বয়েল। চমত্কার সেই অনুষ্ঠান উপহার দেওয়ার স্বীকৃতি হিসেবে সম্প্রতি রানী এলিজাবেথের পক্ষ থেকে ড্যানি বয়েলকে নাইটহুড খেতাব প্রদানের সিদ্ধান্ত নেয় যুক্তরাজ্য সরকারের আর্টস অ্যান্ড মিডিয়া অনার্স কমিটি। কিন্তু খেতাবটি গ্রহণ করবেন না বলেই জানিয়েছেন প্রখ্যাত এ ব্রিটিশ চিত্র নির্মাতা। এ প্রসঙ্গে এক সাক্ষাত্কারে ড্যানি বয়েল জানিয়েছেন, ‘আমি কখনোই স্যার ড্যানি বয়েল হব না। যুক্তরাজ্যের একজন সাধারণ নাগরিক হিসেবেই আমি গর্বিত। মূলত এই ভাবনাকে কেন্দ্র করেই লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেছিলাম।’ এর আগে ১৯৬৯ সালে মেম্বার অব দ্য মোস্ট একসেলেন্ট অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (এমবিই) খেতাব ফিরিয়ে দিয়েছিলেন বিটলস তারকা জন লেনন। এ ছাড়া ২০০৩ সালে কমান্ডার অব দ্য মোস্ট একসেলেন্ট অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (সিবিই) খেতাব প্রত্যাখ্যান করেছিলেন ‘এম্পায়ার অব দ্য সান’খ্যাত ব্রিটিশ লেখক জে জি ব্যালার্ড। এই দলে আরও নাম লিখিয়েছিলেন প্রখ্যাত ব্রিটিশ চলচ্চিত্রকার আলফ্রেড হিচকক। তিনি ১৯৬২ সালে সিবিই খেতাব প্রত্যাখ্যান করেছিলেন। পরে অবশ্য ১৯৭৯ সালে নাইট খেতাব গ্রহণ করে স্যার আলফ্রেড হিচকক পরিচয়ে পরিচিত হয়েছিলেন তিনি।