'নাচকে আমরা পোশাকি করে ফেলেছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক থো প ক থ ন: বিদুষী আলারমেল ভাল্লি। ভারতের প্রখ্যাত শাস্ত্রীয় নৃত্যশিল্পী। ভরতনাট্যমের ওপর রয়েছে তাঁর বিশেষ দখল। পদ্মশ্রী ও পদ্মভূষণ সম্মাননা পেয়েছেন তিনি। গতকাল শুক্রবার রাতে নৃত্য পরিবেশন করেন তিনি। এর আগে ঢাকার একটি হোটেলে কথা বলেন প্রথম আলোর সঙ্গে

বিদুষী আলারমেল ভাল্লি
বিদুষী আলারমেল ভাল্লি

এবার বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবে এসে...
এ নিয়ে পঞ্চমবারের মতো বাংলাদেশে আমার আসা হলো। বাংলাদেশের মানুষ শিল্পের প্রতি দায়িত্বশীল। শিল্পকলার প্রতি এ দেশের মানুষের শ্রদ্ধা, ভালোবাসা সবই আছে। আমার মনে হয়, একটা কিছু আছে এখানকার বাতাসে। পৃথিবীর বিভিন্ন দেশে নৃত্য পরিবেশনের অভিজ্ঞতা আছে আমার। কিন্তু গত বছর বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবে নৃত্য পরিবেশন করে আমি দর্শক-শ্রোতার কাছ থেকে যে সাড়া ও অভিনন্দন পেয়েছি, এমন আর কোথাও হয়নি। তাই এবারের উৎসবেও খুব আশা নিয়ে এসেছি। যে গভীর ভালোবাসা ও শ্রদ্ধা নিয়ে এ দেশের মানুষ সংগীতকে বোঝেন, তা সত্যিই অতুলনীয়।
মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে...
আমি এখনো ঠিকঠাকমতো রেওয়াজ করি। নিয়ম করে প্রতিদিন সকাল সাতটায় ঘুম থেকে উঠি। এরপরই শুরু হয় রেওয়াজ। আমার মনে হয়, নাচের বিষয়ে তরুণ সমাজের ব্যাপক আগ্রহ আছে। কিন্তু তারা ভালো গুরু পাচ্ছে না। নাচকে আমরা এখন অনেক পোশাকি করে ফেলেছি। কিন্তু আদতে নৃত্য হলো একেবারে আত্মার সঙ্গে সংশ্লিষ্ট।
নৃত্যমুদ্রার ভেতর-বাহির...
ওড়িশি ও ভরতনাট্যম আমার প্রিয়। নাচ তো আসলে কবিতার মতো—আমার এ রকমই মনে হয়। নাচের ভেতরে অনেক সূক্ষ্ম কাজ থাকে, অন্তরের ভেতরে ধারণ না করলে সেগুলোর প্রকাশ সম্ভব নয়। তবে আজকাল নাচের মধ্যে বাণিজ্যের বিষয়টি বেশ বড় হয়ে দেখা দিয়েছে।
বাঙালির সঙ্গে যোগাযোগ...
আমার খুব দুঃখ যে বাংলা ভাষায় কথা বলতে পারি না আমি। তবে এরপর বাংলাদেশে এলে কিছু বাংলা ভাষা শিখে আসব। আমি তো বৈবাহিক সূত্রে বাঙালি। আমার স্বামী বাঙালি। ওদের বাড়িতে বাংলা সংস্কৃতির প্রবাহ আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আমার খুব পছন্দের। বাংলা সংস্কৃতিকে খুবই সম্মান করি আমি।
বাংলাদেশের নাচ সম্পর্কে ধারণা...
কোনো বিষয় সম্পর্কে সম্যক না জেনে কথা বলা ঠিক নয়। যেহেতু বাংলাদেশের নাচ সম্পর্কে আমার জানাশোনা কম, তাই এ ব্যাপারে বেশি কথা না বলাই শ্রেয়।
উৎসবের পরিবেশনা...
এখনো ঠিক জানি না কী পরিবেশন করব। হয়তো বা সময়ই পরিবেশনা ঠিক করে দেবে।
সাক্ষাৎকার নিয়েছেন: আলতাফ শাহনেওয়াজ
ছবি তুলেছেন খালেদ সরকার