‘নাচো বাংলাদেশ নাচো’ বিজয়ী সূচনা
বাংলাভিশনের নাচবিষয়ক রিয়েলিটি শো ‘ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচো’র বিজয়ী হয়েছেন চট্টগ্রামের সূচনা বণিক। আর দ্বিতীয় হয়েছেন ঢাকার মিম চৌধুরী এবং তৃতীয় চট্টগ্রামের জয়ন্তী বণিক।গতকাল সোমবার রাজধানীর হোটেল রূপসী বাংলার উইন্টার গার্ডেনে ‘নাচো বাংলাদেশ নাচো’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।ভাগ্যবান সেরা সাত প্রতিযোগীর মধ্য থেকে গতকাল সেরা তিন বিজয়ী নির্বাচন করা হয়। প্রতিযোগিতায় প্রথম বিজয়ী পেয়েছেন পাঁচ লাখ টাকা ও ডায়মন্ড ওয়ার্ল্ডের সৌজন্যে একটি হীরার মুকুট। দ্বিতীয় বিজয়ী পেয়েছেন তিন লাখ টাকা এবং তৃতীয় বিজয়ী পেয়েছেন এক লাখ টাকা। বাকি চারজন পেয়েছেন ২৫ হাজার টাকা করে।বিজয়ী হওয়ার অনুভূতি প্রকাশ করে সূচনা বণিক বলেন, ‘প্রথম দিকে ধারণা ছিল না প্রথম হব। তবে আত্মবিশ্বাস ছিল ভালো করার। লাকি সেভেনে আসার পর আত্মবিশ্বাসটা অনেকখানি বেড়ে যায়। প্রথম হওয়ার খবরটির পর থেকে খুবই ভালো লাগছে। আমি অনেক খুশি।’ বাংলাভিশনের অনুষ্ঠানপ্রধান শামীম শাহেদ বলেন, ‘এই প্রতিযোগিতায় আমাদের সঙ্গে যাঁরা ছিলেন, তাঁদের সবাইকে ধন্যবাদ। আশা করি, দ্বিতীয় সেশনেও তাঁরা আমাদের সঙ্গে থাকবেন।’ ‘ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচো’ অনুষ্ঠানের গ্র্যান্ড ফিনালেতে সম্প্রীতি নৃত্য পরিবেশন করেন অপি করিম, রিচি সোলায়মান, স্বাগতা, শখ, নিসা, রথি। ‘ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচো’ প্রতিযোগিতার মূল বিচারক ছিলেন নৃত্যশিল্পী শিবলী মহম্মদ, চিত্রনায়ক ফেরদৌস এবং মডেল ও নৃত্যশিল্পী ফারজানা রিয়া চৌধুরী।