‘নাচোলের রানী’ নিয়ে গীতিনাট্য
নাচোলের সাঁওতাল বিদ্রোহ এবং ইলা মিত্রকে নিয়ে সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড তৈরি করেছেন চলচ্চিত্র নাচোলের রানী। এবার এসএ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে সেই নাচোলের রানী। তবে তা গীতিনাট্য আকারে।ডায়মন্ড জানান, ছবির ক্ষেত্রটাকে ছোট করে আনা হয়েছে। ২০ মিনিট দৈর্ঘ্যের এই গীতিনাট্যের চিত্রনাট্য তৈরি এবং পরিচালনা করছেন তিনি নিজেই। যৌথভাবে এর সুর তৈরি ও সংগীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী ও সুজেয় শ্যাম। নৃত্য পরিচালনা করেছেন মুনমুন আহমেদ।এখন এই গীতিনাট্যের মহড়া চলছে নাচোল কলেজের মাঠে। অংশ নিচ্ছে সাঁওতাল সম্প্রদায়ের সাড়ে পাঁচ শ সদস্য। সঙ্গে আরও আছে নাচোলের স্কুল ও কলেজের ৩০০ ছাত্রছাত্রী।২৯ জানুয়ারি এসএ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে বেলা সোয়া তিনটায় প্রদর্শন করা হবে গীতিনাট্যটি। এদিকে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রাষ্ট্রীয় আমন্ত্রণে স্ত্রীকে সঙ্গে নিয়ে বাংলাদেশে আসছেন ইলা মিত্রের ছেলে মোহন মিত্র। দীর্ঘদিন ধরে তিনি কলকাতায় আছেন।ইলা মিত্রের শ্বশুরবাড়ি চাঁপাইনবাবগঞ্জের রামচন্দ্রপুরে। এখানে ১৬ মাস বয়সের মোহনকে শাশুড়ির কাছে রেখে নাচোলের চণ্ডীপুরে চলে যান ইলা মিত্র। সেখানে সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব দেন তিনি।