‘নাটক কখনো থেমে থাকে না’
১৯৭১ সালে নান্দিকার এবং ’৮৮ সালে নান্দিপটে যোগদান—সব মিলিয়ে কলকাতার মঞ্চে পার করলেন ৪০টি বছর। দুই বাংলার মঞ্চে সমান পরিচিত প্রকাশ ভট্টাচার্য। সম্প্রতি এসেছিলেন বাংলাদেশে লোকনাট্যদলের তিন দশক পূর্তি নাট্যো ৎ সবে। কেমন আছেন প্রকাশদা? এই নিয়ে কতবার বাংলাদেশে? অভিজ্ঞতা ও অনুভূতি জানতে চাই।সবার আশীর্বাদে একদম ঠিক আছি এখনো। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি, আরও ৪০ বছর থিয়েটারটা যেন ঠিকভাবে করে যেতে পারি। অনুভূতির কথায় বলব, আমি ভীষণ আপ্লুত। বাংলাদেশে এলে আমার মনে হয়, আমি আমার নিজের দেশে এসেছি। নিজের ভাষায় কথা বলছি। আর যতবার এসেছি ততবারই নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করেছি। মনে পড়ে, এখানে প্রথম অভিনয় করেছিলাম মহিলা সমিতি মিলনায়তনে। আর এখন অভিনয় করছি আন্তর্জাতিক মানের নাট্যমঞ্চ জাতীয় নাট্যশালায়। যে রকম মঞ্চ আমাদের দেশেও এখনো তৈরি হয়নি। সত্যিই আমি গর্ব অনুভব করছি, ঢাকার নাট্যমঞ্চ এবং নাট্যবন্ধুদের নিয়ে। এখানে আমাদেরও অনেক কিছু শেখার আছে।শুনেছি বিগত কিছু সময় কলকাতার মঞ্চের গতি কিছুটা মন্থর ছিল। বর্তমানে কী অবস্থা?সত্তরের দশকে কিংবা তারও কিছু পূর্বে কলকাতার মঞ্চের একটা সুবর্ণ সময় ছিল। কিন্তু সময় যত যেতে থাকে, কলকাতার মঞ্চের ওই ভালো সময়টাতে কেমন যেন একটা ভাটার টান লেগেছিল। এর পেছনে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং আরও নানাবিধ কারণও ছিল। তবে বর্তমানে কলকাতার মঞ্চের সেই সোনালি অতীত আবার ফিরে এসেছে। তরুণেরা মঞ্চে আনছে ভালো ভালো প্রযোজনা। এই তরুণদের মধ্যে সুমন মুখোপাধ্যায়ের রাজা লীয়ার, ব্রাত্য বসুর কন্যাদান, স্বাতী লেখা সেন গুপ্তের মাধবী, বিভাস চক্রবর্তীর হ্যামলেট নাটক বেশ প্রশংসা কুড়িয়েছে। থিয়েটারের সঙ্গে নতুনদের সম্পৃক্ততা বাড়ছে এবং কলকাতা থিয়েটারে শ্রী বৃদ্ধি পাচ্ছে। গত ৪০ বছরে দুই বাংলার নাট্যচর্চার রীতি এবং গতিপ্রবাহের তুলনামূলক মূল্যায়ন প্রসঙ্গে জানতে চাই।দুই বাংলার নাট্যচর্চার অগ্রভাগে বাংলা নাটকের একটা যৌবন ছিল—বিষয়টি সবার জানা। কথায় আছে না, সুখ-দুঃখ পালাক্রমে আসে? তা-ই হয়তো দুই বাংলার নাট্যচর্চার বেলায় সত্য হয়েছে। একসময় ঢাকার মঞ্চে দেখেছি কেরামত মঙ্গল, জয়জয়ন্তী, পাথর, মানুষ, ঈর্ষার মতো অসাধারণ সব নাটক। কলকাতার মঞ্চে একই রকম—শম্ভু মিত্রের রক্তকরবী, অয়দিপাউস, চার অধ্যায়, দশচক্র, পুতুল খেলা, উ ৎ পল দত্তের টিনের তলোয়ার, মানুষের অধিকারে তীর এবং আরও কত কালজয়ী নাটক কলকাতার মঞ্চে মঞ্চস্থ হয়েছে! যা এখনো দর্শকের চোখে লেগে আছে। সত্যি বলতে কী, নাটক কখনো থেমে থাকে না। দুই বাংলার রবীন্দ্রনাট্যচর্চা এবং পৃষ্ঠপোষকতা নিয়ে বলুন।রবীন্দ্রনাট্যচর্চায় কলকাতার মঞ্চের শুরুটা নিঃসন্দেহে ভালো ছিল। ষাটের দশকের দিকে তাকালে দেখা যায়, শম্ভু মিত্রের রাজা ও রক্তকরবী নাটক দর্শকের মাঝে সত্যি দারুণ সাড়া জাগিয়েছিল। সেই তুলনায় ঢাকায় রবীন্দ্রনাট্যচর্চা শুরু হয়েছিল খানিকটা বিলম্বে। তবে সম্প্রতি দুই বাংলার মঞ্চে সমানতালে উঠে আসছে রবীন্দ্রনাথের অসংখ্য নাটক। এর পেছনে সরকারি পৃষ্ঠপোষকতা বেশ গুরুত্বপূর্ণ। সম্প্রতি বাংলাদেশ ও ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে দুই বাংলার রবীন্দ্রনাট্যচর্চায় উন্মোচিত হয়েছে নতুন দিগন্ত। বাংলাদেশেও সরকারি পৃষ্ঠপোষকতায় ১৪টি রবীন্দ্র নাটক মঞ্চে এসেছে—এটি একটি অসাধারণ কর্মযজ্ঞ। তবে প্রযোজনাগুলোর মানোত্তীর্ণের বিষয়টি খেয়াল রাখতে হবে সবচেয়ে বেশি। সম্প্রতি দুই বাংলার নাট্যদলগুলোকে ঢাকা ও কলকাতায় আসা-যাওয়ার ক্ষেত্রে ভিসা নিয়ে নানা সংকটে পড়তে হয়—এ নিয়ে আপনার প্রতিক্রিয়া কী? সম্প্রতি বিভিন্ন দেশের নানা ধরনের অস্থিরতার কারণে দূতাবাসগুলোতে ভিসা নিয়ে নানা ধরনের জটিলতা দেখা যায়। তবে তা নাটকের দলগুলোর ক্ষেত্রে প্রয়োগ করলে বিষয়টি খুব লজ্জাকর পরিস্থিতির সৃষ্টি করে। দুই বাংলার নাট্যচর্চার মধ্য দিয়ে দুই দেশের মধ্যে গড়ে ওঠা বন্ধুত্বপূর্ণ পরিবেশ যেন সরকারি লালফিতার দৌরাত্ম্যের কারণে ম্লান না হয়ে যায় সে ব্যাপারে দুই দেশেরই সরকারি পর্যায়ে উদ্যোগ নেওয়া প্রয়োজন। সবশেষে, ঢাকার থিয়েটারের প্রতি পরামর্শ বলতে আমার মনে একটি প্রশ্ন জেগেছে—বাংলা ভাষা চর্চার ওপর হিন্দি কিংবা অন্য কোনো ভাষার প্রভাব পড়ছে কি? এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। অন্য কোনো ভাষা বা সংস্কৃতি যেন বাংলা ভাষা ও সংস্কৃতির ওপর ভর না করে। কেননা সংস্কৃতি মানুষকে বড় করে এবং বাঁচিয়ে রাখে।