
সোহানা সাবা৷ অভিনয় করছেন টিভি আর চলচ্চিত্রে৷ আজ এটিএন বাংলায় প্রচারিত হবে নাটক দিনরাত ১৮ ঘণ্টা৷ এই নাটকে অভিনয় করেছেন তিনি৷
‘দিনরাত ১৮ ঘণ্টা’...
মেয়েটির বিয়ে হবে৷ কিন্তু সে একটি ছেলেকে পছন্দ করে৷ বিয়ের আগে একদিন হঠাৎ মেয়েটি সেই ছেলের বাসায় হাজির হয়৷ বিয়ের আগে সে এই ছেলের সঙ্গে পুরো একটি দিন কাটায়৷ দিনরাত ১৮ ঘণ্টা-কে এক দিনের প্রেমের গল্পও বলতে পারেন৷
শুটিং শীতে আর প্রচার গরমে...
আমরা যখন দিনরাত ১৮ ঘণ্টা নাটকের শুটিং করেছিলাম, তখন ছিল পুরো শীত৷ চারদিকে কুয়াশা৷ শীতের পোশাক ব্যবহার করা ছাড়া উপায় ছিল না৷ এখন তো প্রচণ্ড গরম৷ ভাবছি, এখন নাটকটি দেখে দর্শকদের গরম লাগবে!
আমার অন্য কাজ...
মাঝে চিকিৎসকের পরামর্শে কিছুদিন একটু বিশ্রামে ছিলাম৷ এখন আবার পুরোদমে কাজ করছি৷ আমার একটা আনন্দের খবর সবার সঙ্গে শেয়ার করতে চাই, আমি মা হতে যাচ্ছি৷ আমাদের জন্য দোয়া করবেন৷ আশা করছি, আমি আর মুরাদ পারভেজ আগামী অক্টোবর নাগাদ সবাইকে একটা ভালো খবর দিতে পারব৷
‘বৃহন্নলা’...
সরকারি অনুদানে মুরাদ পারভেজ ছবিটি তৈরি করছে৷ শুটিং শেষ হয়েছে গত বছর অক্টোবর মাসে৷ শুটিং-পরবর্তী কাজগুলোর জন্য একটু বেশি সময় লেগেছে৷ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্রের জন্য আজকালের মধ্যেই ছবিটি জমা দেওয়া হবে৷ রোজার ঈদের পর আমরা ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চাই৷
দাদির সঙ্গে অভিনয়...
আমার দাদি খুব রক্ষণশীল৷ আগে যখন টিভিতে খবর প্রচার করা হতো, দাদি তখন টিভির সামনে বড় ঘোমটা দিয়ে বসতেন৷ এখন তাঁর বয়স এক শর কাছাকাছি৷ বৃহন্নলা ছবির শুটিং হয়েছে আমার দাদার বাড়ির এলাকায়৷ মুরাদ কখন যেন দাদিকে বুঝিয়ে রাজি করিয়েছে৷ শেষে বৃহন্নলা ছবির জন্য দাদির কিছু শট নেওয়া হয়৷ ছবিতে তা গুরুত্বের সঙ্গে ব্যবহার করা হয়েছে৷
বিনোদন প্রতিবেদক