'নাটকটির খুব দ্রুত শততম প্রদর্শনী হচ্ছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঞ্চ ও টেলিভিশনে নাটক রচনা ও নির্দেশনা আর অভিনয়শৈলী দিয়ে দেশের শিল্প-সংস্কৃতির অঙ্গনকে সমৃদ্ধ করে যাচ্ছেন নাট্যকার মান্নান হীরা। তিনি একই সঙ্গে একজন দক্ষ সংগঠক, বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি ও আরণ্যক নাট্যদলের প্রধান সম্পাদক। মঞ্চে আজ তাঁর লেখা লাল জমিন নাটকের শততম প্রদর্শনী হবে। কথা হলো তাঁর সঙ্গে।
মান্নান হীরা, ছবি: আনন্দ
মান্নান হীরা, ছবি: আনন্দ

‘লাল জমিন’...
৩১ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে লাল জমিন নাটকের শততম প্রদর্শনী হবে। নাটকটির নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী, একক অভিনয় করেছেন মোমেনা চৌধুরী। লাল জমিন নাটকটির খুব দ্রুত শততম প্রদর্শনী হচ্ছে। এটা আমাদের নাটকের জন্য আনন্দের খবর। নাটকটি ইউরোপ, ভারতসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় মঞ্চস্থ হয়েছে। মুক্তিযুদ্ধের ওপর লেখা একজন কিশোরীর যুদ্ধযাত্রার গল্প লাল জমিন। সব বয়সের এবং সব ধরনের দর্শকদের কাছে নাটকটি গ্রহণযোগ্যতা পেয়েছে।

পথনাটক...
মার্চ মাসে পথনাটকের ব্যস্ততা বেশি থাকে। ১ থেকে ৭ মার্চ বাংলাদেশ পথনাটক পরিষদ আয়োজিত পথনাটক উৎসব হলো কেন্দ্রীয় শহীদ মিনারে। সারা দেশ থেকে ৬০টি নাট্যদল অংশ নিয়েছে এই উৎসবে। মার্চ মাসজুড়ে দেশের প্রত্যন্ত এলাকাগুলোয় পথনাটকের উৎসব ও প্রদর্শনী হয়েছে। পথনাটক নিয়ে এ বছর আমার একটি পরিকল্পনা আছে। বর্ষা মৌসুমে আবাসিক কর্মশালা করব, যেখানে পথনাটকের উপস্থাপনরীতির প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া আন্তর্জাতিক পথনাটক উৎসব করার পরিকল্পনা করছি। এ ধরনের আয়োজনের জন্য সবার সহযোগিতা প্রয়োজন।
সাম্প্রতিক লেখালেখি...
একটি চলচ্চিত্রের চিত্রনাট্য নির্মাণ করছি। এবার বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে আমার পথনাটক ট্রিলজি। আমার সৃষ্ট পথনাটকের একটি চরিত্র, নাম হারেছ আলী, বাড়ি রংপুরের চিলমারী বন্দর। তাকে নিয়ে তিনটি পথনাটক লিখেছি। হারেছ আলীর বিভিন্ন বয়স আর বিভিন্ন পরিস্থিতি নিয়ে গল্প। এটাকে চরিত্রের ট্রিলজিও বলা যেতে পারে। আমার মনে হয়, আমাদের নাটকে এমনটা এর আগে হয়নি। কোনো নাট্যদল যদি এই নাটক তিনটিতে পরপর অভিনয় করে, তাহলে দর্শক ভিন্নমাত্রার স্বাদ পাবে। গ্রন্থটি প্রকাশ করেছে শ্রাবণ প্রকাশনী।
আরণ্যক...

আমার রচনা ও নির্দেশনায় আরণ্যক নাট্যদলের একটি নতুন নাটকের কাজ চলছে। নাম দ্য জুবিলি হোটেল। শিগগিরই মঞ্চে আসবে। দ্য জুবিলি হোটেল মফস্বল শহরের সাধারণ রেস্টুরেন্ট। এখানে নানা বয়স, নানা পেশার মানুষের সম্মিলন ঘটে। সংক্ষেপে বাংলাদেশের এ সময়ের একটা চিত্র দেখতে পাওয়া যাবে এই নাটকে।

‘আরণ্যক থিয়েটার পাঠশালা’...
আরণ্যক থিয়েটার পাঠশালা তিন মাসের অভিনয় ও ডিজাইন কর্মশালা। এ বছর আমরা ছয় মাসের কোর্স চালুর সিদ্ধান্ত নিয়েছি। এই কোর্সে নাটকের তাত্ত্বিক ও প্রায়োগিক দিকগুলোর ওপর প্রশিক্ষণ দেওয়া হবে।

বাংলাদেশ মহিলা সমিতি মঞ্চ...
মহিলা সমিতির মঞ্চ থেকেই মূলত স্বাধীন বাংলাদেশের মঞ্চ নাটকের ইতিহাস শুরু। নতুন ভবন নির্মাণের জন্য দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার চালু হয়েছে মহিলা সমিতির মঞ্চ। তা নিঃসন্দেহে নাট্যকর্মী আর দেশবাসীদের জন্য একটি সুখবর। তবে এখানে মঞ্চের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার টাকা। যেখানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির তিনটি হলের ভাড়া তিন হাজার থেকে ছয় হাজার টাকার মধ্যে। ইদানীং নাটকের দর্শক আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে। এর নানা কারণ থাকতে পারে। তবে ১৫ হাজার টাকা ভাড়া দিয়ে কোনো নাট্যদল এখানে নিয়মিত প্রদর্শনী করতে পারবে বলে আমার মনে হয় না। আশা করছি বিষয়টি অবশ্যই কর্তৃপক্ষ বিবেচনা করবে।