'নাটকে আমি একটা হুলুস্থুল ব্যাপার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাজু খাদেম৷ কাজ করছেন মঞ্চ, টেলিভিশন আর চলচ্চিত্রে৷ আজ তাঁর অভিনীত দুটি ধারাবাহিক নাটক প্রচারিত হবে, বাংলাভিশনে এলেবেলে আর মাছরাঙা টিভিতে পিঞ্জর৷

সাজু খাদেম
সাজু খাদেম

শুটিং, শুটিং, শুটিং...
শুটিং ছাড়া এখন আর কিছুই ভাবতে পারি না৷ বাইরের কারও সঙ্গে কথা বললেও মনে হয় সংলাপ বলছি৷ সকাল থেকে রাত পর্যন্ত কোনো না কোনো চরিত্রের ভেতর থাকতে হয়৷
‘এলেবেলে’...
এই নাটকে আমি একটা হুলুস্থুল ব্যাপার৷ আমার বয়স বাড়ানো হয়েছে৷ পাঁচটা ভূত-বন্ধু আছে৷ তারা নানাভাবে আমাকে বিরক্ত করে৷ আমি মুসলমান, কিন্তু আমার নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়৷ বাবা খুব পড়ুয়া ছিলেন৷ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন তাঁর প্রিয় লেখক৷ তাই তিনি এই লেখকের নামেই আমার নাম রেখেছেন৷ তাঁর কথা হলো, নামে কী আসে-যায়! আমি ময়মনসিংহের নই৷ ভূতদের বর পেয়ে ময়মনসিংহের আঞ্চলিক ভাষা শিখে গেছি৷
‘এলেবেলে’র শুটিংয়ের অভিজ্ঞতা...
যেদিন এই নাটকের শুটিং থাকে, সেদিন সকাল থেকে রাত পর্যন্ত এক মুহূর্তের জন্যও চরিত্রের বাইরে যাওয়ার উপায় নেই৷ আমার সঙ্গে যখন সুবর্ণা মুস্তাফা আপা আর সাবেরী আলম আপা থাকেন, তখন একটি শট কয়েকবার দিতে হয়৷ কারণ, নানান ক্যারিকেচার করতে গিয়ে হাসি থামিয়ে রাখা যায় না৷
‘পিঞ্জর’...
এলেবেলে আর পিঞ্জর ধারাবাহিক দুটির নাট্যকার ও পরিচালক বদরুল আনাম সৌদ৷ এলেবেলে নাটকে আমার চরিত্রটি যতটা মজার, পিঞ্জর নাটকে একেবারেই উল্টো৷ খুব সিরিয়াস৷ আমি ঠান্ডা মাথার খুনি৷ নিজে খুন করে অন্যের ঘাড়ে চাপিয়ে দিই৷ গ্রাম্য রাজনীতির সঙ্গে জড়িত৷
ঈদের কাজ...
অঞ্জন আইচের গভীর জলের ভূত আর মাবরুর রশীদ বান্নাহর সম্পর্কের গল্প নাটকের কাজ করেছি৷ সামনে বদরুল আনাম সৌদের দুটি নাটক আর এজাজ মুন্না ও ইমরাউল রাফাতের দুটি ধারাবাহিকের কাজ করব৷
বেড়ানো...
কদিন আগে ব্যাংককে একটি ৫২ পর্বের নাটকের কাজ করে এসেছি৷ নাম ফেস৷ পরিচালক রায়হান খান৷ কাজের ফাঁকে একটু বেড়ানো হয়েছে৷