'নাটকেও আমরা স্বামী-স্ত্রী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্তেখাব দিনার
ইন্তেখাব দিনার

ইন্তেখাব দিনার। এটিএন বাংলায় আজ তাঁর অভিনীত ধারাবাহিক নাটক প্রচারিত হবে। নাম কালান্তর।
নতুন জীবন...
দারুণ! খুব ভালো লাগছে। বিজরী আর আমার বিয়ের বয়স এরই মধ্যে সাত মাস হয়ে গেছে। আগে শুটিং শেষ হওয়ার পর সবাই মিলে শুটিং হাউসে আড্ডা দিতাম, নয়তো বাইরে কোথাও বন্ধুদের সঙ্গে বসতাম। এখন ওসব আর হয় না। সন্ধ্যা হতেই মনে হয়, বাসায় আমার জন্য একজন অপেক্ষা করছে।
বিয়ের পর বেড়ানো...
ঈদের পর থাইল্যান্ডের ব্যাংকক আর পাতায়াতে বেড়াতে গিয়েছিলাম। ওখানে ছিলাম সাত দিন। আমি তো শুটিংয়ের জন্য দেশের বাইরে খুব একটা যাইনি। ব্যাংককে একবার গিয়েছিলাম। তাও প্রায় বছর সাতেক আগে। কিন্তু এবারের অনুভূতি একেবারেই অন্য রকম। এবার স্ত্রীকে সঙ্গে নিয়ে গিয়েছি।
বিয়ের পর বিজরীর সঙ্গে অভিনয়...

কালান্তর নাটকে। বাস্তবের মতো এই নাটকেও আমরা দুজন স্বামী-স্ত্রী। নাটকটিতে আমি অবশ্য একজন প্রতারক স্বামী। স্ত্রীকে নানাভাবে নির্যাতন করি। পুরোপুরি নেতিবাচক চরিত্র। ব্যক্তিগত জীবনে আমি কিন্তু তার পুরো উল্টোটি।
বিভিন্ন ধারাবাহিকে অভিনয়...
এখন এটিএন বাংলায় প্রচারিত হচ্ছে কালান্তর, মাছরাঙা টিভিতে ক্ষণিকালয়, একুশে টিভিতে চোরকাটা, বৈশাখী টিভিতে নিসর্গ আর দেশ টিভিতে রেস্টুরেন্ট টোয়েন্টিওয়ান।
চলচ্চিত্রে অভিনয়...
কিছুদিন আগে মুরাদ পারভেজের বৃহন্নলা ছবির শুটিং শেষ করেছি। এই ছবিতে আমি সোহানা সাবার স্বামী। অন্য রকম একটা চরিত্র। খুব ভালো কাজ হয়েছে। আফসানা মিমির রান ছবির কাজ কিছুটা বাকি আছে।
আমার অন্যান্য চলচ্চিত্র...
প্রথম কাজ করেছিলাম তৌকীর আহমেদের জয়যাত্রা ছবিতে। এরপর বাদল রহমানের ছানা ও মুক্তিযুদ্ধ। দুটি ডিজিটাল ছবিতেও কাজ করেছি—তামিম নূরের ফিরে এসো বেহুলা আর বদরুল আনাম সৌদের খণ্ডগল্প একাত্তর।
বিনোদন প্রতিবেদক