
বাঁধন। অভিনয়শিল্পী। রমজান উপলক্ষে একসঙ্গে সাতটি টেলিভিশন চ্যানেলে প্রতিদিন প্রচারিত হচ্ছে রান্নার অনুষ্ঠান ‘প্রাণ প্রিমিয়াম ঘি স্টার কুক কেকাস রেসিপি’। এই অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন তিনি|
প্রতিদিন রান্নার অনুষ্ঠান, কেমন লাগছে?
প্রতিদিন প্রচার হলেও সব পর্বের শুটিং তো হয়েছে পাঁচ থেকে সাত দিন। তখন অবশ্য প্রতিদিন একটানা অনেকক্ষণ চুলার সামনে থাকতে হয়েছে। কষ্ট হলেও এটাই তো শিল্পীদের কাজ। তবে আমরা অনেক মজা করেছি। প্রতিদিন কেকা ফেরদৌসীর রেসিপি দিয়ে একেকজন তারকা ঝটপট বানিয়েছেন মজাদার ইফতারের একটি পদ।
ঈদের নাটক করেছেন?
হ্যাঁ, বেশ কয়েকটা ঈদের নাটকের কাজ করেছি। সব মিলিয়ে ১০-১২টা হবে। এর মধ্যে কয়েকটা নাটক যাবে ঈদের পাঁচ বা ছয় পর্বের ধারাবাহিক হিসেবে। ঈদের পরই আমার নিয়মিত দুটি ধারাবাহিক নাটক যাবে।
নাটক ছাড়া আর কোন কাজ করছেন?
আমি এখন নাটকের চেয়ে বিজ্ঞাপনে মজা পাচ্ছি। এর মধ্যে নতুন দুটি বিজ্ঞাপনে কাজ করেছি। এটাতে কম সময়ে বেশি প্রচার পাওয়া যায়। এ ছাড়া কম সময় ধরে কাজ করার সুবিধা পাই। আমি আসলে রাত আটটার পর কোনো শুটিং হলে থাকি না।
রাত আটটার পর শুটিং করেন না কেন?
এই সময়ের পর আমি বাসায় ফিরে মেয়েকে সময় দিই। আমি চাই না একাকিত্ব ওর সঙ্গী হোক।
মা-মেয়ের বন্ধুত্ব তাহলে ভালোই চলছে...
ভালো মানে, দারুণ চলছে! আমি কোন কাপড় পরব, কোন দুল বা মালা পরব সেটা মেয়ে বেছে দেয়। বাসায় অনেক সময়ই মেয়ে আমাকে আয়নার সামনে বসিয়ে সাজায়।
হাসান ইমাম