মামুনুর রশীদ। বরেণ্য অভিনেতা, নাট্যকার, পরিচালক। বিটিভিতে আজ প্রচারিত হবে ধারাবাহিক নাটক উজান গাঙের নাইয়া।এতে অভিনয় করেছেন তিনি। নাটকটি তৈরি করেছে বিবিসি মিডিয়া অ্যাকশন। যৌথভাবে পরিচালনা করেছেন গিয়াসউদ্দিন সেলিম ও বাশার জর্জিস।

‘উজান গাঙের নাইয়া’...
নাটকে আমার চরিত্রের নাম হায়দার। ছোটবেলায় এমন লোক দেখেছি। গ্রামের মানুষকে সঠিক দিকনির্দেশনা দিয়ে আগলে রাখত তারা। কিন্তু এখন হায়দারের মতো মানুষের জায়গা দখল করে নিয়েছে এনজিওর মতো প্রতিষ্ঠানগুলো। এসেছে জনপ্রতিনিধিরা। এতে খুব একটা লাভ হয়েছে বলে মনে হয় না।
আমাদের নাটক...
নাটকের মান নিয়ে আমি খুবই হতাশ। এখন নাটকের মান নিম্নমুখী। বাজেটের অভাবে অল্প সময়ের মধ্যে নাটক নামাতে হয়। সেদিক থেকে উজান গাঙের নাইয়া সম্পূর্ণ ব্যাতিক্রম। কিন্তু একটা কথা আমাকে বলতেই হবে, বাংলাদেশের নাটকের জায়গা অনেকটাই দখল করে নিয়েছে ভারতীয় সিরিয়ালগুলো।
‘বঙ্গভঙ্গ’...
আরণ্যক নতুন নাটক মঞ্চে আনছে। নাম বঙ্গভঙ্গ। আমিই লিখেছি, নির্দেশনা দিচ্ছেন ফয়েজ জহির। এ মাসের ২৫ তারিখে মঞ্চে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে। সীমান্তের ঘটনা। সীমান্তে নানা ধরনের মানুষ থাকে। দেখা যায়, একজন ব্যক্তির পাসপোর্ট নেই, কিন্তু তিনি বাংলাদেশে ঢুকতে চাইছেন। ফ্যান্টাসি ধরনের গল্প।
এবার ঈদে আমার পরিচালনা...
এবার একটি মাত্র নাটক পরিচালনা করছি। নাম বাবা কোথায়?। একজন উচ্চপদস্থ কর্মকর্তা। অবসরগ্রহণের পর বাসায়ই থাকেন। তিনি দেখতে পান, বাসার ভেতরে বিশৃঙ্খল অবস্থা। বাসার সবার মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য তিনি নানা উদ্যোগ নেন। এই বাবার চরিত্রে অভিনয় করছেন এ টি এম শামসুজ্জামান।
আমার অন্য কাজ...
বিটিভির জন্য একটি ধারাবাহিক তৈরি করেছি। নাম শান্তিপাশা ডটকম। ইউএনডিপির উদ্যোগে নাটকটি তৈরি হয়েছে। মাসুম রেজা লিখেছেন, পরিচালনা করেছি আমি।
বিনোদন প্রতিবেদক