দীপা খন্দকার। আজ দেশ টিভিতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক সোনালি মেঘের ভেলা আর এসএ টিভিতে যৈবতী কন্যার মন। দুটি ধারাবাহিকেই অভিনয় করেছেন তিনি

‘সোনালি মেঘের ভেলা’...
পারিবারিক গল্প; ভাবি ও ননদকে ঘিরে কাহিনি। একটি পরিবারে মেয়ে আর ছেলের বউয়ের অবস্থানের বিষয়গুলো সুন্দর করে ফুটিয়ে তুলেছেন পরিচালক তৌহিদ খান ও মনিরুজ্জামান। নাটকে আমি ছেলের বউ।
নাটকের গল্প আর বাস্তব জীবন...
সোনালি মেঘের ভেলা নাটকের সঙ্গে বাস্তবের কিছুটা মিল তো অবশ্যই আছে। আমি নিজেই একটি একান্নবর্তী পরিবারের বউ, কারও ভাবি। নাটকের কিছু নাটকীয়তা থাকে। ওইটুকু বাদ দিলে পরিবারের গল্পগুলোর সঙ্গে নাটকের অনেক কিছুই মিলে যায়।
‘যৈবতী কন্যার মন’...
মঞ্চে ঢাকা থিয়েটারের জনপ্রিয় একটি নাটক ছিল যৈবতী কন্যার মন। সেলিম আল দীনের লেখা থেকে টিভির জন্য নাট্যরূপ দিয়েছেন ইলোরা লিলিথ। পরিচালনা করছেন পারভেজ আমিন ও হুমায়ুন কবির। টিভিনাটকে আমার চরিত্রের নাম ‘শলকী’। মঞ্চে এই চরিত্রটি করেছিলেন শমী কায়সার। মঞ্চে তাঁর অভিনয় এখনো চোখে লেগে আছে।
অন্যান্য কাজ...
বিবিসি প্রযোজিত একটি নাটক করছি। নাম—উজান গাঙ্গের নাইয়া। পরিচালনা করছেন গিয়াসউদ্দিন সেলিম। নাটকে আমি স্বাস্থ্যকর্মীর ভূমিকায় অভিনয় করছি। নারী অধিকার আর বাল্যবিবাহের নানা দিক তুলে ধরা হচ্ছে নাটকটিতে। আগামী ৯ এপ্রিল থেকে বাংলাভিশনে প্রচারিত হবে ঘোমটা নামে আমার আরেকটি ধারাবাহিক।
ঘরে-বাইরে...
ভালোই আছি। আজ (শনিবার) বাসার সব বাচ্চাকে নিয়ে ধানমন্ডি লেকে বেড়াতে এসেছি। নৌকায় উঠছি, আইসক্রিম খাচ্ছি। আমি যেমন, তেমনই থাকতে পছন্দ করি।
খাদিজা ফাল্গুনী