
মামুনুর রশীদ। বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব। এসএ টিভিতে আজ প্রচারিত হবে নাটক বুনন। পরিচালনা করেছেন শাহনেওয়াজ কাকলী।
‘নাটক’ আমার কাছে...
আমাদের একটা স্লোগান আছে, যার সঙ্গে আমি পুরোপুরি একমত। নাটক শুধু বিনোদন নয়, আরও একটু কিছু; যা মানুষকে ভাবাবে, সমাজ সম্পর্কে ধারণা দেবে, ভালো কাজের প্রতি অনুপ্রাণিত করবে।
একজন ‘অভিনয়শিল্পী’ আর একজন ‘তারকা’র মধ্যে দূরত্ব...
অনেক দূরত্ব, অনেক তফাত। তারকা হওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার। কেউ হয়তো হুট করে একটা বিজ্ঞাপনচিত্র কিংবা খণ্ড নাটক দিয়ে বিখ্যাত হয়ে গেল। আবার কেউ দীর্ঘদিন অভিনয় করেও তারকা হলো না। আমি মনে করি, তারকা হওয়া সহজ, শিল্পী হওয়া সহজ নয়। এমন অনেক তারকা আছেন, যাঁরা শিল্পী নন, এমনকি ভালো মানুষও নন। অভিনয়শিল্পীকে অবশ্যই ভালো মানুষও হতে হবে।
মঞ্চে আসছে নতুন নাটক...
হারুন রশীদের লেখা নতুন নাটক আসছে, নাম স্বপ্নপথিক। ভবনধস হচ্ছে, গার্মেন্টসে আগুন লাগছে। মানুষের জীবন তুচ্ছ হয়ে যাচ্ছে, অন্যদিকে এই মানুষগুলোর শ্রমের বিনিময়েই প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে। এসব নিয়েই এগিয়েছে নাটকটির গল্প।
কোরবানির ঈদের কাজ...
এবার ঈদে আমি একরকম ইচ্ছা করেই নিজে কোনো নাটক নির্মাণ করছি না। কারণ, আমার কাছে মনে হচ্ছে এটা ঈদের নাটক না, নাটকের হাট হয়ে যাচ্ছে। এত বেশি নাটক নির্মাণ হচ্ছে, সেগুলোর শিল্পমান বিচার করার কেউ নেই।
দিনে-রাতে আমাকে ঘিরে রাখা চরিত্রগুলো...
নাটকের চরিত্রগুলো রীতিমতো আমার স্বপ্নে হাজির হয়ে দুঃস্বপ্ন দেখায়! হয়তো একটা নাটক লিখেছি, কোনো চরিত্র স্বপ্নে হাজির হয়ে বলে, আমাকে মারলে কেন? আবার কোনো চরিত্রে অভিনয় করেছি, সেই চরিত্র আমাকে এসে বলে, তুমি কিন্তু ভালো করছ না!
এবং ‘বুনন’...
শাহনেওয়াজ কাকলীর পরিচালনা আর দীপান্বিতার লেখা নাটক। খুবই ভালো লাগছে নাটকটা। আমার বাড়ি যেহেতু টাঙ্গাইল, তাঁতিদের চরিত্রগুলোও আমার চেনা। নাটকে আমার চরিত্রটাকে ভালোবেসে ফেলেছি।
মো. সাইফুল্লাহ