‘নিঃশব্দের কবি’ পার্থপ্রতিম মজুমদার
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মূকাভিনেতা পার্থপ্রতিম মজুমদারের ওপর তৈরি হলো তথ্যচিত্র। ২৮ মিনিটের এই তথ্যচিত্রের নাম নিঃশব্দের কবি। এটি পরিচালনা করেছেন আল মাসুম। তথ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হলো গত শনিবার। ওই দিন সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করে রক্তকরবী ও আলিয়ঁস ফ্রঁসেজ। নিঃশব্দের কবি তথ্যচিত্রটি শুরু হয়েছে পার্থপ্রতিম মজুমদারের মূকাভিনয় ও তাঁর কথা দিয়ে। আরও আছে তাঁর জন্মস্থান পাবনা, ঢাকায় বেড়ে ওঠা, ফ্রান্সে চলে যাওয়া, সেখানে বিশ্বখ্যাত মূকাভিনেতা মার্সেই মারশোর সান্নিধ্য পাওয়া, মূকাভিনয়চর্চাসহ নানা কিছু। মূকাভিনয়ের জন্য এ পর্যন্ত পার্থপ্রতিম মজুমদার অর্জন করেছেন একুশে পদকসহ দেশি-বিদেশি অসংখ্য পুরস্কার। সেসব প্রসঙ্গও রয়েছে এখানে। নিঃশব্দের কবি তথ্যচিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, সৈয়দ শামসুল হক, ঢাকায় ফরাসি দূতাবাসের ডেপুটি হেড অব মিশন প্যাট্রিক ব্র্যাংকো, পার্থপ্রতিম মজুমদার, জুয়েল আইচ, আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক সালিহা লোফেভসহ আরও অনেকে। অনুষ্ঠানে নিজের স্বপ্নের কথা জানাতে গিয়ে পার্থপ্রতিম মজুমদার বলেন, ‘বাংলাদেশে একটি মাইম ইনস্টিটিউট গড়তে চাই।’