'নিজেকে খুব বড় বড় মনে হচ্ছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌসুমী হামিদ
মৌসুমী হামিদ

মৌসুমী হামিদ৷ ২০১০ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় হয়েছিলেন প্রথম রানারআপ৷ এরপর কাজ করছেন টিভি নাটক ও চলচ্চিত্রে৷ এনটিভিতে আজ প্রচারিত হবে ধারাবাহিক নাটক টক্কোনাথ৷ এই নাটকে অভিনয় করেছেন তিনি৷
কোথায় আপনি?
রাজশাহীতে এসেছি৷ গত সোমবার ছিলাম খুলনায়৷ ইমামি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ও চ্যানেল আই আয়োজিত ‘হ্যান্ডসাম দি আল্টিমেট ম্যান’ প্রতিযোগিতার প্রাথমিক বাছাইয়ের বিচারকাজ করছি৷
বিচারক হওয়ার পর কেমন অনুভূতি হচ্ছে?
নিজেকে খুব বড় বড় মনে হচ্ছে৷ শুরুতে একটু ভয় হচ্ছিল৷ পরে অবশ্য আয়োজকেরা পুরো ব্যাপারটি বুঝিয়ে দিয়েছেন৷ এখানে আমার সঙ্গে আছেন নোভা আর র‌্যাম্পের মডেল শাওন ও রিপন৷ খুলনা থেকে আমরা পাঁচজনকে বাছাই করেছি৷ একটা ব্যাপার ভালো লাগছে, যাঁরা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন, তাঁদের অনেকেই যথেষ্ট প্রস্তুতি নিয়ে এসেছেন৷
নাটকে কাজের কী খবর?
এখান থেকে ফিরেই ঈদের দুটি নাটকের কাজ করব৷ পরিচালক শামীম জামান আর মিজানুর রহমান আরিয়ান৷ এরপর তিন দিনের জন্য একটু ব্যাংকক যাব৷
‘টক্কোনাথ’ নাটকের কথা বলুন৷
এই নাটকে আমি এ টি এম শামসুজ্জামানের সঙ্গে অভিনয় করছি৷ এটা আমার জন্য অনেক বড় পাওয়া৷ ‘টক্কোনাথ’ হলো একটি প্রাণী৷ এই প্রাণীর রক্ত ব্যবহার করে নাকি অমরত্বের ওষুধ তৈরি হচ্ছে৷ এই খবর জানার পর টক্কোনাথকে ধরার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়ে৷ ধারাবাহিকটি লিখেছেন ও পরিচালনা করেছেন ওয়াহিদ আনাম৷
নতুন কোনো ধারাবাহিক?
দীপঙ্কর দীপনের লাভগুরু নামের একটি ধারাবাহিকের কাজ শুরু করেছি৷ এরপর এই নাটকের কাজ করা জন্য বান্দরবান যেতে হবে৷
আপনি তো কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছেন৷
হ্যাঁ৷ ছবিগুলো হলো অনিমেষ আইচের না মানুষ, প্রশান্ত অধিকারীর হাডসনের বন্দুক এবং আবু শাহেদ ইমনের জালালের পিতাগণ৷
নতুন ছবি?
আমি শুধু চেয়েছি তোমায় ছবির অন্যতম পরিচালক অনন্য মামুন নতুন কাজ শুরু করছেন৷ ছবির নাম ব্ল্যাকমেল৷ ২৮ জুন থেকে শুটিং শুরু হবে৷ এই ছবিতে আমি কাজ করব৷ শুনেছি ছবিতে আরও অভিনয় করবেন কলকাতার নায়ক হীরণ৷ শিগগিরই পরিচালক আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমকে সব জানাবেন৷
বিনোদন প্রতিবেদক