'নিজেকে তারকা মনে হয়নি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সজল
সজল

সজল। জনপ্রিয় অভিনয়শিল্পী। এক ঘণ্টার নাটক আর টেলিছবিতেই বেশি কাজ করেন। ধারাবাহিক নাটক তেমন করেন না বললেই চলে। ইদানীং তিনি চলচ্চিত্রেও অভিনয় করছেন।
এই ঈদে ছোট পর্দায় আমি...
অনেক পরিচালকের নাটকে অভিনয় করেছি। তাঁদের মধ্যে উল্লেখ করতে চাই ফেরদৌস হাসান, মোহন খান, সকাল আহমেদ, নুজহাত আলভি আহমেদ, তন্ময় তানসেন, শাহীন কবির টুটুল, পার্থ সরকারের কাজগুলো। আরও কয়েকজন পরিচালক আছেন। একেকটি নাটক, একেক রকম গল্প।
যে ধরনের চরিত্রের প্রতি ভালো লাগা...
দর্শকের ভালো লাগা সবার ওপরে। নিজের ভালো লাগা না-লাগা নিয়ে তেমন ভাবি না। ব্যক্তিগতভাবে আমি একটু চঞ্চল-প্রকৃতির। অন্য রকম কিছু করতে ভালো লাগে।
ছোটবেলায় যা হতে চেয়েছিলাম...
নানা খুব চাইতেন আমি ব্যারিস্টার হব, মায়ের ইচ্ছা ছিল ছেলে পাইলট হবে। আমি তাঁদের ইচ্ছা মাথায় নিয়েই বড় হয়েছি। এইচএসসির পর যখন মিডিয়ায় কাজ শুরু করলাম, বাসা থেকে প্রথমে নিষেধ করেছিল পড়াশোনার ক্ষতি হবে বলে। শেষে মিডিয়া থেকে একধরনের বিরতি নিয়েই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করেছি।

যখন প্রথম উপলব্ধি করলাম‘তারকা’ হয়েছি...

না না! এমনটা কখনোই অনুভব করিনি। আমার কখনোই নিজেকে তারকা মনে হয়নি, এখনো মনে হয় না। আমি খুবই বাউণ্ডুলে-টাইপ ছেলে। আগেও এদিক-ওদিক ঘোরাঘুরি করতে পছন্দ করতাম, এখনো তা-ই আছি। রাস্তায় অনেকে ছবি তুলতে চায়, অটোগ্রাফ চায়, এটাই যা একটু ভিন্নতা।

অভিনয়ে আইডল...

অনেকেই আছেন। কিছু মানুষ আছেন, যাঁদের দেখলে মনে হয় যদি তাঁদের মতো করে কাজ করতে পারতাম! আফজাল হোসেন, আসাদুজ্জামান নূর, হুমায়ুন ফরিদী...

এই ঈদে একা, আগামী ঈদে‘দোকা’ হয়ে যাওয়ার সম্ভাবনা...

সব আল্লাহর ইচ্ছা। তিনি যদি চান, আগামী ঈদের আগেই হতে পারে। আবার দু-তিন বছর পরও হতে পারে।

ঈদের কেনাকাটা...

ঈদে কখনোই খুব একটা কেনাকাটা করা হয় না। প্রিয়জনেরা উপহার দেন, তাতেই হয়ে যায়। পাঞ্জাবি আমার খুব পছন্দ। সবাই জানেন। দেখা যায়, সবাই পাঞ্জাবি উপহার দেন। এ সুযোগে ঈদের আগে আমার অনেক পাঞ্জাবি হয়ে যায়।

মো. সাইফুল্লাহ