'নিজেদের সংস্কৃতি নিয়েই থাকতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাব্বির
সাব্বির

সাব্বির। ক্লোজআপ ওয়ান তারকা। প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি অ্যালবাম। সুরও করছেন নিয়মিত। আজ চ্যানেল নাইনে উপস্থাপনা করবেন ‘ইয়ুথ এজ’ অনুষ্ঠানটি।

প্রথম শেখা গান...

যত দূর মনে
 পড়ে, সাত বছর বয়সে আমার নানার লেখা ও সুর করা ‘বাংলারই সন্তান আমি বাংলারই সন্তান’ গানটি শিখেছিলাম। গানটি প্রচারিত হয়েছিল বিটিভির ছোটদের এক অনুষ্ঠানে।

নিজের করা প্রথম সুর...

আমার প্রথম সুর করা গান হলো ‘ও স্বপন কেন দেখে শুধু এ মন’। ১৪-১৫ বছর বয়সে সুর করেছিলাম। এখনো গাওয়া হয়নি গানটি। ইচ্ছা আছে, শিগগিরই গাইব।

আমার গানের মুগ্ধ শ্রোতা...

আমার পরিবারই আমার মুগ্ধ শ্রোতা। বিশেষ করে আমার মা ও বাবার কথা তো বলতেই হবে।

যাঁর গান শুনে শিল্পী হতে চেয়েছি...

কুমার বিশ্বজিতের গান শুনে মনে হতো, ইশ্, তাঁর মতো যদি গাইতে পারতাম!

চট্টগ্রামের আঞ্চলিক ভাষার প্রিয় গান...

‘ছোড ছোড ঢেউ তুলি পানি, ছোড ছোড ঢেউ তুলি লুসাই পাহাড়ুত্তুন নামিয়েরে যারগই কর্ণফুলী’ গানটি আমার খুব প্রিয়।

সুরের কারখানায়...

এ পর্যন্ত আমার সুরে রাশেদ, মুহিন, নিশিতা, রন্টিসহ অনেকেই গেয়েছেন। তিন বছরে আনুমানিক ১৪-১৫টি অ্যালবামে আমার সুর করা গান প্রকাশিত হয়েছে। এ ছাড়া নিজের জন্য তো সুর করছিই। পায়রা নামের একটি ছবির জন্যও সুর করেছি। অডিও রিলিজ হয়েছে সম্প্রতি। গানটি আমি গেয়েছি সামিনা চৌধুরীর সঙ্গে।

চলচ্চিত্রের গান...

চলচ্চিত্রে গান করতে পারা ভাগ্যের ব্যাপার মানি। খুব ইচ্ছা আছে এই অঙ্গনে গান করার। সে জন্য নিজেকে তৈরিও করছি। আমার ভিত তো ক্ল্যাসিকালে; তাই আমি চাই ক্ল্যাসিকাল গানকে বাণিজ্যিকভাবে সফল করতে। শেষমেশ তো আমাদের নিজেদের সংস্কৃতি নিয়েই থাকতে হবে। আমরা কেন অন্য দেশের সংস্কৃতি নিয়ে কাজ করব! ভালো হোক মন্দ হোক, আমাদের সংস্কৃতি আমাদেরই।

বন্ধুরা আমার কাছে যে গানটি বেশি শুনতে চায়...

আমার সর্বশেষ অ্যালবাম ভালোবাসা ব্যক্তিগত-এর টাইটেল গানটি বেশ জনপ্রিয় হয়েছে। বন্ধুরা এবং ভক্ত-শ্রোতারাও এই গানটি বেশি শুনতে চান।

‘ইয়ুথ এজ’ ও নবীন শিল্পী...

চ্যানেল নাইনে ‘ইয়ুথ এজ’ অনুষ্ঠানটি বেশ উপভোগ করছি। পুরোপুরি নতুনদের নিয়ে সাজানো হয় এ অনুষ্ঠান।
এই অনুষ্ঠানের মধ্য দিয়ে অনেক নতুন শিল্পী বড় একটি সুযোগ পাচ্ছেন নিজের প্রতিভার কথা জানান দিতে। এ ধরনের অনুষ্ঠান আরও আগে হলে ভালো হতো।

নতুন গানের খবর...

গত বছর বেরিয়েছে ভালোবাসা ব্যক্তিগত  অ্যালবামটি। ঠিক করেছি, দুই বছর পর পর অ্যালবাম বের করব। নতুন অ্যালবামের কাজ শুরু করেছি।

মাহফুজ রহমান