
স্বপন দত্ত। রবীন্দ্রসংগীতশিল্পী, সংগঠক ও প্রশিক্ষক। একসঙ্গে তাঁর দুটি অ্যালবাম বাজারে আসছে। আজ সন্ধ্যায় প্রকাশনা অনুষ্ঠান হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে।
একসঙ্গে দুটি অ্যালবাম তৈরির আগ্রহ হলো কেন?
রবীন্দ্রসংগীতের দুই ধারার রবির গান অ্যালবামে দুটি সিডি থাকছে। গান থাকছে ২০টি। এর মধ্যে একটি সিডির গান একেবারেই বৈতালিক। আর অন্য অ্যালবামটি হারানো দিনের গান নিয়ে। নাম আজও সেই গান।
রবীন্দ্রসংগীতের অ্যালবামের সংগীতায়োজন কে করেছেন?
সুজ্যেয় শ্যাম। তিনি গানগুলোর সঙ্গে নানা বাদ্যযন্ত্র ব্যবহার করেছেন। এর মধ্যে পাশ্চাত্যের অনেক বাদ্যযন্ত্র রয়েছে। গতানুগতিক যে ধরনের সংগীতায়োজন হয়, তা থেকে তিনি বেরিয়ে আসার চেষ্টা করেছেন। ফলে গানগুলো অন্য রকম মাত্রা পেয়েছে। আমার তো খুব ভালো লেগেছে, বাকিটা শ্রোতারা বিচার করবেন।
আর হারানো দিনের গান?
সেই ছোটবেলা থেকেই তো গান শুনছি। কিছু গান এখনো মনের মধ্যে গেঁথে আছে। আজও সেই গান অ্যালবামে তেমনি কিছু গান গেয়েছি।
অ্যালবামগুলো প্রকাশ করেছে কে?
একটি আনন্দধারা প্রকাশন। আমার নিজের একটি সংগঠন আছে। নাম ‘আনন্দধারা’। প্রযোজনার কাজটা এখান থেকেই করছি। এখন তো পয়সা খরচ করে কেউ সিডি কিনতে চায় না। আর রবীন্দ্রসংগীত হলে তো আরও খরচ করতে চায় না। তাই নিজের উদ্যোগেই কাজটা করেছি।
আজকের অনুষ্ঠান নিয়ে কী পরিকল্পনা করেছেন?
আজ আমার দুটি অ্যালবামের পাশাপাশি ফারহাত হোসেনেরও দুটি অ্যালবামের মোড়ক খোলা হবে। তিনি রবীন্দ্রসংগীত গেয়েছেন। অনুষ্ঠান শুরু হবে ঠিক সাতটায়। মোড়ক খোলার পর আমরা গান করব।
বিনোদন প্রতিবেদক