শিল্পী ফরিদা জামানের শৈশবের একটা অংশ কেটেছে চট্টগ্রামের পাহাড়-নদীর মনোরম প্রকৃতি চন্দ্রঘোনায়। এই নৈসর্গিক পরিবেশ নদীর তীরের মানুষ, মাছ ও জাল এবং গ্রামীণ জীবনধারার নানা অনুষঙ্গ তাঁর চিত্রপটে এসেছে নানাভাবে। সংযোজন-বিয়োজনের নিরীক্ষা শিল্পী ফরিদা জামান সর্বদাই করেন। গতকাল রোববার ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে শুরু হয়েছে তাঁর একক চিত্র প্রদর্শনী।গতকাল সন্ধ্যায় দুই সপ্তাব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। এতে বিশেষ অতিথি ছিলেন বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী।প্রদর্শনীতে মোট চিত্রকর্মের সংখ্যা প্রায় ৬৫টি। এসব কাজে তুলনামূলকভাবে নারীর উপস্থিতি প্রাধান্য পেয়েছে। ‘সুফিয়া’ তাঁর শিল্পভুবনের একটি বিশেষ চরিত্র। দুর্ভাগ্যের বিশাল বলয়ের মধ্যেও সে কখনো বিচলিত নয়, বরং খুঁজে পেতে চায় আনন্দ, সুখ ও প্রশান্তি। সংগ্রামী নারীর প্রতীক হয়ে সুফিয়া এসেছে বেশ কিছু কাজে। এ ছাড়া জল-হাওয়া, ফুল-পাখি, গুল্ম-লতা, জলাশয়ের সোঁদা গন্ধ—এসব নিয়ে এক স্বকীয় ভুবন তিনি রচনা করেছেন ক্যানভাসে। স্বতন্ত্র চিত্রভাষায় সেই ভুবনকে ফুটিয়ে তুলেছেন তিনি।এই প্রদর্শনীর ছবিগুলোর প্রকাশভঙ্গি প্রকৃতি অভিমুখী ও সহজ-সরল জীবনের প্রতি আকাঙ্ক্ষায় পরিপূর্ণ। বলা যায়, জটিল বাস্তবতাকে উপেক্ষা করে স্নিগ্ধ নৈসর্গিক সরল প্রাকৃতিক জীবনের মুখোমুখি হতে আহ্বান জানায় ফরিদা জামানের শিল্পকর্ম। প্রদর্শনীটি চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত।শিল্পী ফরিদা জামানের জন্ম চাঁদপুরে। তিনি ১৯৭৮ সালে ভারতের বরোদার এমএস বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় এমএফএ এবং ১৯৯৫ সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি নিয়েছেন। এ পর্যন্ত তাঁর পাঁচটি একক প্রদর্শনী হয়েছে এবং বহু দলবদ্ধ প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে অধ্যাপনা করছেন।শিল্পকলায় ধাবমানসোমেশ্বরীর পাড়ের এক গ্রামের দরিদ্র কৃষক নহবতের বাড়িতে জন্ম নেয় একটি মহিষ-শাবক। নহবত তার নাম রাখে সোহরাব। মহিষটি সন্তানের যত্নে বেড়ে ওঠে নহবতের ঘরে। এভাবে ক্রমে ক্রমে একটি বলদর্পী মোষে পরিণত হয় সোহরাব। তার নহবত ভ্রমেও ভাবেনি সোহরাব তার সন্তান নয়, নিতান্তই পশু। সোহরাব নহবতের বিকলাঙ্গপুত্র এসাকের ভালোবাসা, মমতা ও ঈর্ষার মধ্য দিয়ে একসঙ্গে বড় হতে থাকে। কিন্তু একদিন এসাক স্বপ্ন দেখে যে এই মোষটাকে উৎসর্গ করলে তার আরেকটি পা ভালো হয়ে যাবে। সে বাবাকে এই নিদারুণ স্বপ্নের কথা শোনালে শুরু হয় নহবতের ভেতরে মানবিক টানাপোড়েন।সেলিম আল দীনের লেখা নাটক ধাবমান-এর গল্প এটি। আজ ১৪ জানুয়ারি নাট্যাচার্য সেলিম আল দীনের পঞ্চম মৃত্যুবার্ষিকী। তাঁকে স্মরণ করে গতকাল রোববার সেলিম আল দীন ফাউন্ডেশনের আয়োজনে শুরু হয়েছে বিশেষ অনুষ্ঠানমালা। এরই অংশ হিসেবে গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় ধাবমান নাটকটি মঞ্চস্থ হয়। শিমূল ইউসুফ নির্দেশিত এই নাটকের গল্প ও জীবনের অনিবার্যতায় মান্দি সম্প্রদায়ের সংস্কৃতি ও কৃত্যের মিশ্রণ ঘটিয়েছেন। একটি গৃহপালিত ষন্ডা-মোষ আদিবাসী মান্দিদের পুরাণে কথিত ধর্মাচারের সঙ্গে মিলেমিশে জাতিগত সংস্কৃতি পুনর্নির্মাণের সঙ্গে সম্পর্কিত হয়ে যায়। ক’জনার কাউন্সিলআবৃত্তি সংগঠন ক’জনার দ্বিবার্ষিক কাউন্সিলে শাহাদাৎ হোসেন সভাপতি ও অনিমেষ কর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর নিকেতনে ক’জনার কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন অনিমেষ কর। এর ওপর আলোচনা করেন সদস্যরা। উল্লেখ্য, এ বছর ২৫ বছর পূর্তি হবে ক’জনা আবৃত্তি সংগঠনের। নানা আয়োজনে রজতজয়ন্তী উৎসব পালন করবে সংগঠনটি।জাতীয় প্রেসক্লাবে কাব্য উৎসবকবিতা পাঠ ও আলোচনায় কাব্যময় হয়ে উঠেছিল প্রেসক্লাব চত্বর। গত শনিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় ‘কাব্য উৎসব’। জাতীয় প্রেসক্লাবের সদস্য কবিদের সংগঠন কবিতাপত্র পরিষদের দশম বর্ষপূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংবাদিক-কবিরা এ অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন। সেই সঙ্গে আলোচিত হয় আধুনিক কবিতার গতিপ্রকৃতি নিয়েও। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেজি মোস্তফা। উৎসবে অংশ নেন প্রবীণ কবি আল মাহমুদ, ফজল শাহাবুদ্দিন, বেলাল চৌধুরী, মুহাম্মদ নূরুল হুদা, হাসান হাফিজ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, অনুষ্ঠানের সহায়তাদাতা প্রতিষ্ঠান সিটিসেলের মানবসম্পদ পরিচালক সুমন ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয় প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি কাজী রওনাক হোসেন।