'নিরবের অনুরোধে খলনায়ক হয়েছি'

ক থো প ক থ ন: বিপ্লব। প্রমিথিউস ব্যান্ডের অন্যতম সদস্য। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। আজ রাতে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে ‘ম্যাক্সিমাস আনপ্লাগড’। অনুষ্ঠানে গান গাইবেন তিনি
‘ম্যাক্সিমাস আনপ্লাগড’...
অনুষ্ঠানের জন্য নতুন-পুরোনো ছয়টি গান করেছি। ‘দন্ত্য ন না মূর্ধন্য ণ’ গানটির আনপ্লাগড ভার্সনও করেছি। শ্রোতাদের কাছে তা একেবারে নতুন মনে হবে।
বিপ্লব যখন খলনায়ক...
ছবির নাম গেইম। এখানে আমি খলনায়কের চরিত্রে অভিনয় করেছি। আমি তখন ছবির টাইটেল গানের কাজ করছিলাম, তখন ছবির নায়ক নিরব আমাকে খলনায়ক চরিত্রে অভিনয় করার প্রস্তাব দেন। নিরবের অনুরোধে আমি খলনায়ক হয়েছি।
আমার কাছে ফেসবুক...
ফেসবুক নিয়ে অনেকের কাছ থেকে নেতিবাচক মন্তব্য শুনতে পাই। ফেসবুক আমাদের জন্য আশীর্বাদ। এটাকে ভালোভাবে ব্যবহার করলেই হয়।
গান নিয়ে আলোচনা-সমালোচনা...
গান নিয়ে সমালোচনা হতেই পারে। একই গান সব শ্রোতার পছন্দ হবে—এমন কোনো কথা নেই। সমালোচনাকে আমি সব সময় ইতিবাচকভাবে দেখি, সেভাবে নিজের ভুলগুলো সংশোধন করি।
সংগীতের এখনকার অবস্থা...
এখন দেশের যে পরিস্থিতি, যেখানে সংগীতের অবস্থা ভালো হওয়ার কোনো কারণ নেই। গত কয়েক মাসে আমরা মাত্র দুটি অনুষ্ঠান করেছি। আমাদের মতো অন্য সব শিল্পীরও একই অবস্থা।
গানের ভিডিও...
এখন গান শোনার পাশাপাশি সবাই দেখছেও। যুগের সঙ্গে তাল মিলিয়ে এখন মিউজিক ভিডিওর চাহিদা বেড়েছে। শ্রোতারা চোখ এবং কান দুটো দিয়ে যোগাযোগ রাখতে চায়। তাই আমি মিউজিক ভিডিওর চাহিদার কথা অস্বীকার করার কারণ দেখি না।