'নির্দেশক পরিচয়টা আমার ভালো লাগে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আতাউর রহমান৷ অভিনয়শিল্পী, নাট্যকার, নির্দেশক, যুক্ত আছেন গবেষণার সঙ্গে৷ তাঁর ৭৩তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে আজ থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী নাট্যোৎসব৷ শিরোনাম ‘মঞ্চসারথি আতাউর রহমান নাট্য উৎসব’৷ যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও মঞ্চসারথি আতাউর রহমান কর্ম-উদ্যাপন পরিষদ৷

আতাউর রহমান
আতাউর রহমান

আপনাকে জন্মদিনের শুভেচ্ছা৷
ধন্যবাদ৷
বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে আপনাকে নিয়ে বড় আয়োজন করা হয়েছে৷
হ্যাঁ, আমার নির্দেশনায় যে নাটকগুলো এখন মঞ্চস্থ হচ্ছে, সেগুলো নিয়ে উৎসব আয়োজন করা হয়েছে৷ নাটকগুলো হলো রক্তকরবী (নাগরিক নাট্য সম্প্রদায়), রুদ্র রবি ও জালিয়ানওয়ালাবাগ (জাতীয় নাট্যশালা রেপার্টরি), বাংলার মাটি বাংলার জল (পালাকার), গডোর প্রতীক্ষায় (থিয়েটার স্কুল প্রাক্তনী), অপেক্ষমাণ (নাগরিক নাট্য সম্প্রদায়), নারীগণ (পালাকার)৷
শুনেছি এবার আপনি আবৃত্তির অ্যালবাম করেছেন৷
অ্যালবামের নাম জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ৷ এ ছাড়া আমাকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করেছেন আকতারুল ইসলাম জিননাহ৷ নাম মঞ্চসারথি আতাউর রহমান৷ আজ উদ্বোধনী অনুষ্ঠানে এগুলোর মোড়ক খোলা হবে৷ উৎসবের শেষ দিন ২৪ জুন তথ্যচিত্রটি দেখানো হবে৷
উৎসবে আর কিছু থাকছে?
২১ জুন আবদুস সেলিম একটি প্রবন্ধ পড়বেন৷ শিরোনাম ‘এক নির্মাতার অহং যাত্রা’৷ এ ছাড়া শেষ দিন ম্যাকবেথ নাটকটির অংশবিশেষ আমি ইংরেজিতে আর বাংলায় নোয়াখালীর আঞ্চলিক ভাষায় করব৷ আরও করব আর্নেস্ট হেমিংওয়ের ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি৷ শেষের কবিতা থেকেও পাঠ করব৷
এ পর্যন্ত কয়টি নাটক নির্দেশনা দিয়েছেন?
৩৫টি নাটক৷ আসলে নির্দেশক পরিচয়টা আমার ভালো লাগে৷ নিজেকে খুঁজে পাই৷
সামনে কী কাজ করছেন?
আমার তো সবকিছুই নাটক নিয়ে৷ সৈয়দ শামসুল হক ইডিপাস অ্যাট কলোনাস আর স্যামুয়েল বেকেটের এন্ড গেম নাটকটির নাট্যরূপ দিচ্ছেন আবদুস সেলিম৷ নাটক দুটি এ বছরই আমি মঞ্চে আনব৷ আর লেখালেখি তো আছেই৷