'নিশিমন বিসর্জন'-এর ৫০তম প্রদর্শনী

দুর্বার গতিতে ট্রেন চলছে। ট্রেনের একটি বগির আরোহী একদল বুদ্ধিজীবী। মঙ্গাপীড়িতদের জন্য ত্রাণসাহায্য নিয়ে যাচ্ছেন তাঁরা। হঠাৎ বোমার বিস্ফোরণ ঘটল বগিতে। গোমতী নদীপারের যুবক তারাতাজ নিজের পেটে বাঁধা বোমা ফাটিয়ে এ আত্মঘাতীয় হামলা করেন।
ধর্মকে নিজেদের স্বার্থে ব্যবহার করে এভাবে একশ্রেণীর তরুণকে আত্মঘাতী হতে প্ররোচিত করার বিষয়টি উঠে এসেছে নিশিমন বিসর্জন নাটকে। গতকাল বুধবার শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটারে এ নাটকের ৫০তম মঞ্চায়ন অনুষ্ঠিত হয়।
রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন কাহিনি অবলম্বনে নাটকটি মঞ্চে এনেছে মহাকাল নাট্যসম্প্রদায়। এর নতুন নাট্যরূপ দিয়েছেন আনন জামান এবং নির্দেশনা দিয়েছেন আশিক রহমান। নিশিমন বিসর্জন মহাকালের ২৭তম প্রযোজনা। নাটকটিতে অভিনয় করছেন মীর জাহিদ হাসান, মো. শাহনেওয়াজ, কামরুজ্জামান সবুজ, পলি বিশ্বাস, ফেরদৌস ইকরাম, জাহিদুল কামাল চৌধুরী, ইকবাল চৌধুরী, আবুল কালাম আজাদ, রাসেল আহমেদ, মাইনুল ইসলাম, অরুণ দাশ, সবুজ হোসেন, হাবিবুর রহমান, উৎপল চক্রবর্তী, উজ্জ্বল আচার্য প্রমুখ।
রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকীতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় নাটকটি প্রযোজিত হয়। এর উদ্বোধনী মঞ্চায়ন হয় ২০১১ সালের ৬ জুন জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটারে। ইতিমধ্যে ভারতের তিনটি রাজ্য পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও বিহারে এর ১০টি প্রদর্শনী হয়েছে।