‘নিশিমন-বিসর্জন’ মঞ্চে এল
ট্রেন চলছে। মঙ্গাপীড়িতদের জন্য ত্রাণবাহী একটি বগিতে হঠাৎ বোমার বিস্ফোরণ ঘটল। বুদ্ধিজীবী কবি-সাহিত্যিকসহ মারা গেলেন গোমতী নদীরপাড়ের যুবক তারাতাজ। আসলে তিনি ছিলেন আত্মঘাতী হামলাকারী। বোমাটি তাঁর পেটেই বাঁধা ছিল। ধর্মকে পুঁজি করে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে এভাবে বহু তরুণের আত্মঘাতী হয়ে ওঠা এবং একশ্রেণীর ধর্মান্ধ মানুষের ধর্মকে ব্যবহার করার বিষয়টি উঠে এসেছে নিশিমন-বিসর্জন নাটকে। গতকাল শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটারে এ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। ঢাকার মঞ্চে এখন প্রায় প্রতি মাসেই আসছে নতুন নাটক। এবার এই ধারাবাহিকতায় যুক্ত হয়েছে নিশিমন-বিসর্জন। রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন-এর কাহিনি অবলম্বনে নাটকটি মঞ্চে এনেছে মহাকাল নাট্যসম্প্রদায়। এটি তাদের ২৭তম প্রযোজনা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনন জামান এর নাট্যরূপ দিয়েছেন। নির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগের প্রভাষক আশিক রহমান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র নাট্য প্রযোজনায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ প্রকল্পের আর্থিক সহযোগিতায় নাটকটি মঞ্চে এসেছে। এতে ৩০ জন শিল্পী সরাসরি মঞ্চে অভিনয় করেছেন। নেপথ্যে কাজ করেছেন আরও ছয়জন। কেন বিসর্জন-এর নতুন নির্মিতি? এমন প্রশ্নের জবাবে নির্দেশক বলেন, বিসর্জন নাটকে রবীন্দ্রনাথ ধর্মের নামে প্রাণ হত্যার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ রচনা করেছেন। সাম্প্রতিক প্রেক্ষাপটে জঙ্গিবাদ একটি রাষ্ট্রীয় তথা আন্তর্জাতিক সংকট। কিছু ধর্মান্ধ উন্নাসিক মানুষ ধর্মকে ব্যবহার করছে ক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে। রবীন্দ্রনাথ ঠাকুরের মূল পাণ্ডুলিপির গভীর ভাব প্রকাশক নাট্যব্যঞ্জনা ঠিক রেখে ‘বিসর্জন’ বয়ানের পাশাপাশি জঙ্গিবাদের বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। আনন জামান বলেন, ‘নাটকে জঙ্গিবাদ তথা মৌলবাদের ভয়াবহতার চিত্র তুলে ধরার চেষ্টা করেছি।’ নাটকটিতে অভিনয় করছেন মীর জাহিদ হাসান, মো. শাহ নেওয়াজ, এম এ আজাদ, মাধুরী সাহা, পলি বিশ্বাস, ইকবাল চৌধুরী, সামসুল আলম, হাবিবুল ইসলাম প্রমুখ।