‘নিষিদ্ধ লোবান’ থেকে চলচ্চিত্র ‘গেরিলা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দ শামসুল হকের নিষিদ্ধ লোবান উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে চলচ্চিত্র গেরিলা। ছবিটি পরিচালনা করছেন নাসির উদ্দীন ইউসুফ। উপন্যাসের কাহিনির পাশাপাশি মুক্তিযুদ্ধের সময়ের নিজের অভিজ্ঞতা যোগ করেছেন ছবির কাহিনিতে। ঢাকা এবং দেশের বিভিন্ন অঞ্চলের কয়েকজন গেরিলা যোদ্ধার প্রতিরূপ দেখা যাবে এ চলচ্চিত্রে। গতকাল শনিবার ঢাকায় চ্যানেল আইয়ের কার্যালয়ে আয়োজিত ছবির মহরত অনুষ্ঠানে এসব কথা জানানো হয়। অনুদান পাওয়া ছবি গেরিলা যৌথভাবে নির্মাণ করছে ইমপ্রেস টেলিফিল্ম ও আরিয়াল ক্রিয়েটিভ স্পেস। অনুষ্ঠানে গেরিলা ছবিটি নিয়ে আলোচনা করেন সৈয়দ শামসুল হক, তথ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মমতাজ আলা শাকুর আহমেদ, নাসির উদ্দীন ইউসুফ, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, আরিয়াল ক্রিয়েটিভ স্পেসের স্বত্বাধিকারী এষা ইউসুফ প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্রের অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। উপন্যাসের দুটি মুখ্য চরিত্র বিলকিস এবং পাকিস্তান সেনাবাহিনীর একজন কর্মকর্তা মেজর সরফরাজ। এ দুটি চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান ও শতাব্দী ওয়াদুদ। ছবির অন্য অভিনয়শিল্পীরা হলেন এ টি এম শামসুজ্জামান, রাইসুল ইসলাম আসাদ, মিরানা জামান, পীযূষ বন্দ্যোপাধ্যায়, গাজী রাকায়েত, আহমেদ রুবেল, শম্পা রেজা, আজাদ আবুল কালাম প্রমুখ। ছবির চিত্রনাট্য লিখেছেন এবাদুর রহমান। প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন নুরুল আলম আতিক। প্রোডাকশন ডিজাইনারের দায়িত্বে আছেন অনিমেষ আইচ।